১ বছরের মধ্যে বাংলাদেশকে র্যাঙ্কিংয়ের ১৫০-১৬০ নম্বরে আনার লক্ষ্য ডুলির
২২ মে ২০২৬
দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পাওয়া টমাস ডুলি হামজা-জামালদের নিয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন। আগামী এক বছরের মধ্যে দলকে ফিফা র্যাঙ্কিংয়ের ১৫০ থেকে ১৬০ নম্বরের ভেতর আনতে চান তিনি।
দায়িত্ব নিতে শুক্রবার সকালে দেশে পা রাখেন ডুলি। বিকেলে এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক হবে ডুলির।
জার্মান বংশোদ্ভূত ডুলি খেলোয়াড়ি জীবনে যুক্তরাষ্ট্রের হয়ে দুটি বিশ্বকাপে খেলেছেন। এর মধ্যে ১৯৯৮ সালের আসরে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। রক্ষণভাগের হয়ে খেলা এই ফুটবলার ক্লাব পর্যায়ে খেলেছেন জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন দলে। জিতেছেন জার্মান বুন্ডেসলিগাও।
বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে দুই দফা ফিলিপিন্স এবং গায়ানা জাতীয় দলের হেড কোচ ছিলেন তিনি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ১১১তম স্থানে উঠে আসে ফিলিপিন্স।
বর্তমানে র্যাঙ্কিংয়ে ১৮১ নম্বরে আছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে উন্নতির কথা বললেও কাজটি যে মোটেও সহজ হবে না সেটিও মনে করিয়ে দেন ডুলি।
“জীবনে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আর যারা সেটা করতে রাজি, তাদের নিয়ে আমরা সফল হতে পারব। তাই আমার লক্ষ্য হলো র্যাঙ্কিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে চলে আসা। এটা রাতারাতি হবে না। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া।”
“আমাদের ফুটবল নিয়ে ভাবতে হবে এবং আমাদের কী করা দরকার, তা বুঝতে হবে, তাহলেই আমরা যেকোনো কিছু অর্জন করতে পারব। লক্ষ্যটা বাস্তবসম্মত হতে হবে। ১৬০-এর নিচে নামাটা বাস্তবসম্মত, তবে তা আগামীকালই সম্ভব নয়, হয়তো এক বছরের মধ্যে সম্ভব।”
সমর্থকদের প্রত্যাশার চাপ পূরণের ব্যাপারে প্রস্তুত থাকার কথাও জানান ৬৫ বছর বয়সী এই কোচ।
“এটা কোনো ব্যাপার না, আমি এর জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিও ঠিক একই রকম। আসলে এখানেও, বাংলাদেশে, আমি জানি না, হয়তো অগণিত কোচ ঘরের বাইরেই ঘোরাঘুরি করছে। তারা সবাই ফুটবলটা বোঝে এবং সেটা ভালো কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ।”















মন্তব্য করুন: