রোনালদোকে পেছনে ফেলে সৌদি লিগের সেরা ফেলিক্স
২৩ মে ২০২৬
ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে সাত বছর পর সৌদি প্রো লিগের শিরোপা জিতেছে আল-নাসের। তবে পর্তুগিজ মহাতারকাকে পেছনে ফেলে লিগের মৌসুম সেরা নির্বাচিত হয়েছেন তারই ক্লাব ও জাতীয় দল সতীর্থ জোয়াও ফেলিক্স।
শুক্রবার মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে পর্তুগিজ এই ফরোয়ার্ডের নাম ঘোষণা করা হয়। সৌদি প্রো লিগে নিজের প্রথম মৌসুমেই এই খেতাব জিতলেন তিনি।
গত বছর চেলসি ছেড়ে আল-নাসেরে যোগ দেওয়া ফেলিক্স লিগে ৩৩ ম্যাচে ২০ গোল করে গোলদাতাদের তালিকার পাঁচ নম্বর থেকে মৌসুম শেষ করেন। তবে গোলে সহায়তার তালিকায় সবার ওপরে আছেন তিনি। অ্যাসিস্ট করেছেন মোট ১৩টি।
এবারের লিগে ৩১ ম্যাচে ৩৩ গোল করে গোলদাতাদের তালিতার শীর্ষে আল কাদসিয়াহর মেক্সিকান ফরোয়ার্ড হুলিয়ান কিনোনেস। পরের স্থানে থাকা আল-আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনি ৩২ ম্যাচে ৩২ গোল করেন। তিনে থাকা রোনালদোর গোল ৩০ ম্যাচে ২৮টি।
রোনালদো-ফেলিক্সদের দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৮-১৯ মৌসুমের পর প্রথমবার লিগ জেতে আল-নাসের। ২০২২ সালের শেষ দিকে সৌদিতে পাড়ি জমানোর পর ক্লাবের হয়ে এটি রোনালদোর প্রথম বড় কোনো শিরোপা।
আল-নাসেরের শিরোপা খরা কাটিয়ে মৌসুম সেরা কোচ নির্বাচিত হয়েছেন জর্জ জেসুস। তবে লক্ষ্য পূর্ণ হওয়ায় পরের মৌসুমে ক্লাবটির দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন ৭১ বছর বয়সী এই পর্তুগিজ কোচ।
“এই জয়টা সবার জন্য, এবং বিশেষ করে ক্রিশ্চিয়ানোর জন্য। কারণ সে এর আগে সৌদি আরবে কোনো শিরোপা জেতেনি।”
“এই চ্যালেঞ্জটি কেবল তার কারণেই গ্রহণ করেছিলাম। কারণ তাকে বলেছিলাম যে আমি তাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করব। তাকে বলেছিলাম, ‘চলো শিরোপাটা জিতি এবং তারপর আমি চলে যাব।’ এটাই সত্যি হয়েছে এবং আমার জন্য এটিই শেষ। আল নাসেরের হয়ে এটিই আমার শেষ ম্যাচ।”















মন্তব্য করুন: