প্রিমিয়ার লিগের বর্ষসেরা ম্যানইউর ফের্নান্দেস

প্রিমিয়ার লিগের বর্ষসেরা ম্যানইউর ফের্নান্দেস

দুর্দান্ত নেতৃত্ব ও পারফরম্যান্সে ম্যানচেস্টার ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াতে সাহায্য করে টুর্নামেন্টের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ব্রুনো ফের্নান্দেস।

শনিবার বর্ষসেরা হিসেবে ৩১ বছর বয়সী পর্তুগিজ এই মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয়।

গত জানুয়ারি পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্সের বৃত্তে ঘুরপাক খেতে থাকা ইউনাইটেড নতুন কোচ মাইকেল ক্যারিকের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে, যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন ফের্নান্দেস। ইতোমধ্যে চলতি প্রিমিয়ার লিগে তৃতীয় হওয়া নিশ্চিত হয়েছে রেড ডেভিলদের। দুই মৌসুম পর চ্যাম্পিয়নস লিগেও জায়গা করে নিয়েছে তারা।

এই মৌসুমে ব্যক্তিগত অর্জনের ঝুলি বেশ বড় করেছেন ফের্নান্দেস। ইতোমধ্যে ২০টি গোলে সহায়তা করে থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার গড়া সর্বকালের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। এছাড়া আটটি গোলও করেছেন ইউনাইটেড অধিনায়ক।

মৌসুম সেরা হওয়ার দৌড়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আর্সেনালের গাব্রিয়েল, দাভিদ রায়া ও ডেক্লান রাইস, ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্দ ও অ্যান্টোইন সেমেনিয়ো, নটিংহ্যাম ফরেস্টের মরগ্যান গিবস-হোয়াইট এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো।

ফের্নান্দেস এই মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা প্লে-মেকার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। পুরো মৌসুমে তিনি সর্বোচ্চ ১৩২টি সুযোগ তৈরি করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের দমিনিক সোবোসলাই তৈরি করেছেন ৮৯টি সুযোগ।

মৌসুমজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চলতি মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন ফের্নান্দেস। এছাড়া পঞ্চমবারের মতো ইউনাইটেডের বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি।

আগামী রোববার মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে ইউনাইটেড। এই ম্যাচে আরেকটি গোলে সহায়তা করতে পারলেই লিগে এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়বেন ফের্নান্দেস।

মন্তব্য করুন: