রেকর্ড গড়ে লিভারপুলকে বিদায় জানালেন সালাহ

রেকর্ড গড়ে লিভারপুলকে বিদায় জানালেন সালাহ

লিভারপুলের জার্সিতে শেষবারের মতো খেলতে নেমে রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ। ক্লাবটির হয়ে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গড়ে অ্যানফিল্ডে ৯ বছরের অধ্যায়ের ইতি টেনেছেন মিশরীয় তারকা।

তবে সালাহর বিদায়টা জয় দিয়ে রাঙাতে পারেনি লিভারপুল। রোববার প্রিমিয়ার লিগের শেষ দিন ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে আর্নে স্লটের দল। তবে এই এক পয়েন্ট নিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়েছে তাদের।

এদিন শুরুর একাদশের হয়ে মাঠে নামা সালাহ গোলও পেতে পারতেন ম্যাচের ১৯তম মিনিটে। কিন্তু তার নেওয়া ফ্রি-কিক পোস্টে লাগে। গোলশূন্য প্রথমার্ধের পর এই মিশরীয় ফরোয়ার্ডের সহায়তায় এগিয়ে যায় লিভারপুল।

৫৮তম মিনিটে কার্টিস জোন্সের করা গোলে অ্যাসিস্ট করে স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড নিজের করে নেন সালাহ। অলরেডদের জার্সিতে তার অ্যাসিস্ট সংখ্যা ৯৩টি।

পাঁচ মিনিট পরই সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। ৭৪তম মিনিটে সালাহকে বদলি করান স্লট। মাঠ ছাড়ার সময় করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অ্যানফিল্ড। সতীর্থদের সঙ্গে আলিঙ্গনের পর সিজদাহ দিয়ে শেষবারের মতো লিভারপুলের জার্সিতে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে তার জন্য বিশেষ আয়োজন রেখেছিল লিভারপুল।

গত বছর ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি করলেও, গত মার্চের শেষ দিকে চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন এই তারকা ফরোয়ার্ড।

লিভারপুলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে বিদায় নিলেন সালাহ। ৪৪২ ম্যাচে তার গোল ২৫৭টি। সঙ্গে অ্যাসিস্ট ১২৩টি। প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন চারবার।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে অ্যানফিল্ডে পাড়ি জমানো এই ফুটবলার সব মিলিয়ে লিভারপুলের হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং ২টি ফুটবল লিগ কাপ জিতেছেন।

মন্তব্য করুন: