শেষ দিন চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল এসি মিলান
২৫ মে ২০২৬
ইতালিয়ান সেরি আয় মৌসুমের শেষ দিন পয়েন্ট হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হারিয়েছে এসি মিলান। অন্যদিকে প্রথমবারের মতো ইউরোপ ক্লাব সেরার আসরে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে কোমো।
রোববার ঘরের মাঠে কালিয়ারির বিপক্ষে প্রথম মিনিটে এগিয়ে যাওয়ার পর ২-১ গোলে হেরে শীর্ষ চারের বাইরে চলে যায় মিলান। ৭০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মৌসুম শেষ করে তারা।
এই নিয়ে টানা দ্বিতীয় মৌসুমে চ্যাম্পিয়নস লিগের বাইরে থাকতে চলেছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা।
অন্যদিকে তোরিনোর মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আসর শেষ করে ইউভেন্তুস। তাদের পয়েন্ট ৬৯।
একই সময়ে অনুষ্ঠিত আরেক ম্যাচে ক্রেমনসেকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত করে কোমো। ৭১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে সেস ফেব্রেগাসের দল। গত মৌসুমে ইতালির দ্বিতীয় স্তর থেকে শীর্ষ স্তরে উঠে আসে কোমো।
অন্য ম্যাচে ভেরোনাকে ২-০ গোলে হারিয়ে সাত মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেয় রোমা। ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি।
৮৭ পয়েন্ট নিয়ে এবারের সেরি আ চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। গত শনিবার শেষ রাউন্ডের ম্যাচে বোলোনিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। রানার্স-আপ হওয়া নাপোলির পয়েন্ট ৭৬।
ইতালি থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলবে শীর্ষ চারটি দল। মিলান ও ইউভেন্তুস খেলবে ইউরোপা লিগে।















মন্তব্য করুন: