মেসির চোট নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সুখবর জানাল মায়ামি

মেসির চোট নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সুখবর জানাল মায়ামি

বিশ্বকাপ শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া লিওনেল মেসির চোট গুরুতর কিছু নয়। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি জানিয়েছে, মূলত পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তিতে ভুগছেন তিনি।

তবে আর্জেন্টাইন মহাতারকার মাঠে ফেরার সম্ভাব্য সময় এখনও জানা যায়নি। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচগুলোয় খেলতে পারবেন তিনি।

বাংলাদেশ সময় সোমবার ভোরে ফিলেডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে এমএলএসের ম্যাচের ৭৩তম মিনিটে বাঁ ঊরুতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন মেসি।

৭০তম মিনিটে ফ্রি-কিক নেওয়ার পরই ঊরুর ওপরের অংশ হাত দিয়ে ধরেন মায়ামি অধিনায়ক। পরের কিছুটা সময় খুব একটা দৌড়াতে দেখা যায়নি তাকে। একটু পর নিজেই ইশারায় বদলির অনুরোধ জানালে তাকে তুলে নেন কোচ। তবে কোনো সহায়তা ছাড়াই মাঠ থেকে বেরিয়ে সোজা ড্রেসিংরুমে চলে যান আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

তবে মেসিকে নিয়ে সোমবার আর্জেন্টিনা দল ও ভক্ত-সমর্থকদের স্বস্তির খবর দিয়েছে মায়ামি।

“সোমবার আরও ডাক্তারি পরীক্ষার পর প্রাথমিকভাবে জানা গেছে, তার বাঁ হ্যামস্ট্রিংয়ে অতিরিক্ত চাপের কারণে পেশিতে ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। তিনি কবে শারীরিক কর্মকাণ্ডে ফিরতে পারবেন, তা নির্ভর করবে তার চিকিৎসাগত ও শারীরিক অগ্রগতির ওপর।”

বিশ্বকাপের জন্য এখনও দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। মেসিও এখনও বিশ্বকাপে খেলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ৩৮ বছর বয়সী এই মহাতারকাকে নিয়েই ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

বাংলাদেশ সময় আগামী ১৭ জুন সকালে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

এর আগে প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় ৭ জুন ভোরে হন্ডুরাসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তিন দিন পর তাদের ম্যাচ আইসল্যান্ডের সঙ্গে।

মন্তব্য করুন: