বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার
২৮ মে ২০২৬
বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহে আগে ব্রাজিলের জন্য দুঃসংবাদ হয়ে এসেছে নেইমারের চোট। মাংশপেশির চোটের কারণে অনন্ত তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি। ফলে মরক্কোর বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে পারবেন না দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
বৃহস্পতিবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, পরীক্ষার পর নেইমারের গ্রেড-২ কাফ চোট ধরা পড়েছে। ফলে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ ছাড়াও এর আগে দুটি প্রীতি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
খেলোয়াড়দের সংবাদ সম্মেলনের আগে সিবিএফ চিকিৎসক রদ্রিগো লাসমার, “নেইমার গতকাল গ্রানয়া কোমারিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি সব মেডিকেল টেস্ট দিয়েছেন, যা একটি এমআরআই স্ক্যানে শেষ হয়েছে। শুধু ফোলা নয়, এতে গ্রেড-২ কাফ ইনজুরি ধরা পড়েছে। আশা করা হচ্ছে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন।”
তবে নেইমারকে দল থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
গত মঙ্গলবার ব্রাজিলের বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিলেও বুধবার প্রথম অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন নেইমার। ডান পায়ের কাফে ফোলাজনিত সমস্যার কথা জানানোর পর তাকে ইমেজিং টেস্টের জন্য একটি প্রাইভেট ক্লিনিকে পাঠানো হয়েছিল। লাসমারের মতে, এটি একটি মাঝারি ধরনের ইনজুরি যাতে পেশির তন্তু আংশিক ছিঁড়ে গেছে এবং এর জন্য বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন।
এই পরীক্ষার ফল ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে সান্তোসের দেওয়া তথ্যের চেয়ে ভিন্ন। ক্লাব ডাক্তার রদ্রিগো জোগাইব জানিয়েছিলেন, নেইমারের সমস্যাটি কেবল ফোলা এবং মঙ্গলবার অনুশীলনের জন্য পুরোপুরি ফিট হয়েই আসবেন।
কিন্তু এখন তা হচ্ছে না। আগমাী রোববার মারাকানায় পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ এবং পরবর্তীতে ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে ম্যাচটি মিস করবেন নেইমার।
বাংলাদেশ সময় আগামী ১৪ জুন ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত সপ্তাহে কার্লো আনচেলত্তির ঘোষণা করা ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছিলেন নেইমার। ১২৮টি আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড ২০২৩ সালের অক্টোবর থেকে চোটজনিত সমস্যায় ভুগছেন। গত বছর শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে তার প্রত্যাবর্তনও ছিল হতাশাজনক।
মে মাসের শুরুর দিকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছিলেন, বিশ্বকাপ দলে জায়গা পেতে বিশেষ কোনো সুবিধা পাবেন না নেইমার। দলে তার জায়গা নির্ধারিত হবে ফিটনেস ও ফর্মের ওপর ভিত্তি করে হবে, আবেগের ওপর নয়। তবে আপাতত নেইমারকে ছাড়াই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযানের পরিকল্পনা সাজাতে হবে সেলেসাওদের।















মন্তব্য করুন: