মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
২৮ মে ২০২৬
মালদ্বীপকে হারিয়ে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
বৃহস্পতিবার ভারতের গোয়ায় ‘বি’ গ্রুপের ম্যাচে ৪-২ গোলের জয় পায় টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে থাকা পিটার বাটলারের দল।
বাংলাদেশ ছাড়াও এই গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে ভারতের। মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে আসর শুরু করেছিল স্বাগতিকরা।
গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামী রোববার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচ ড্র হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হবে ভারত।
ম্যাচের বাঁশি বাজার ১১ সেকেন্ডে বাংলাদেশকে এগিয়ে দেন আনিকা রানিয়া সিদ্দিকী। কিক-অফের পর অধিনায়ক মারিয়া মান্দার পা খুঁজে নেয় ঋতুপর্ণা চাকমাকে। এই উইঙ্গারের বাঁ দিক থেকে বাড়ানো নিচু ক্রস নিয়ন্ত্রণে নিয়ে, ডান পায়ের শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। বাংলাদেশের জার্সিতে চতুর্থ ম্যাচে সুইডেন প্রবাসী এই ফরোয়ার্ডের এটি প্রথম গোল।
এরপর পোস্ট ও ক্রসবারের বাধায় কয়েকবার এগিয়ে যেতে পারেনি বাংলাদেশ। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুলন করেন উমহেলা মারমা।
তবে বিরতির আগেই এক গোল শোধ দেয় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধের শুরুতে বাংলাদেশের রক্ষণের ভুলে সমতায় ফেরে তারা।
৬৪তম মিনিটে ঋতুপর্ণার ক্রস থেকে বর্তমান চ্যাম্পিয়দের এগিয়ে দেন সুরভী আকন্দ প্রীতি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ দিকে ঋতুপর্ণার ফ্রি-কিকে থেকে হেডে দলের জয় নিশ্চিত করেন কোহাতি কিসকু।















মন্তব্য করুন: