মেসিকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর্জেন্টিনা
২৯ মে ২০২৬
লিওনেল মেসিকে নিয়েই শিরোপা ধরে রাখার অভিযানে বিশ্বকাপ দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া এই মহাতারকাসহ এবারের দলে আছেন কাতার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের বেশিরভাগ সদস্য।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরের জন্য বাংলাদেশ সময় শুক্রবার ভোরে ২৬ সদস্যের দল ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।
৩৮ বছর বয়সী মেসি ছাড়াও ২০২২ বিশ্বকাপজয়ী দলের ১৭ সদস্যদের মধ্যে আছেন এমিলিয়ানো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া আসরে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছেন মেসি।
দলে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এছাড়া ডাক পাননি অ্যাস্টন ভিলার হয়ে দারুণ সময় কাটানো মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়ার।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন মিডফিল্ডার ভালেন্তিন বার্কো এবং আক্রমণভাগের নিকোলাস পাস, জুলিয়ানো সিমিওনে, হোসে মানুয়েল লোপেস ও থিয়াগো আলমাদা।
বাংলাদেশ সময় গত সোমবার ভোরে মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। তবে পরে তার ক্লাব আর্জেন্টাইন সতীর্থদের সুখবর দিয়ে জানায় আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকার চোট গুরুতর নয়।
এর আগে গত বছর শেষ দিক থেকে বিভিন্ন সময় এবারের বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে সরাসরি কিছুই বলেননি মেসি। তবে সব অনিশ্চিয়তা দূরে রেখে তার নেতৃত্বেই শিরোপা ধরে রাখার অভিযানে যাচ্ছে আর্জেন্টিনা। তার নেতৃত্ব ও নৈপুণ্যে ৩৬ বছরের অবসান ঘটিয়ে ২০২২ বিশ্বকাপে নিজেদের তৃতীয় শিরোপা জেতে দলটি।
আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বাংলাদশে সময় ১৭ জুন সকালে, আলজেরিয়ার বিপক্ষে। ‘জে’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, জেরোনিমো রুলি, হুয়ান মুস্সো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গনসালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা নাহুয়েল মোলিনা।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস।
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস, হোসে মানুয়েল লোপেস, লাউতারো মার্তিনেস।















মন্তব্য করুন: