৩ বছরের চুক্তিতে রিয়ালে ফিরছেন মরিনিয়ো: বিবিসি
৩০ মে ২০২৬
নতুন হেড কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন জোসে মরিনিয়ো। তিন বছরের চুক্তিতে এই পর্তুগিজ সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
শুক্রবারে প্রকাশিত প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, আগামী ৭ জুন ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের আগ পর্যন্ত মরিনিয়োর ফেরার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে না রিয়াল। ফ্লোরেন্তিনো পেরেস প্রেসিডেন্ট হিসেবে পুননির্বাচিত হলেই কেবল ৬৩ বছর বয়সী কোচের এই চুক্তি টিকে থাকবে।
চলতি মাসে এক সংবাদ সম্মেলনে নির্ধারিত সময়ের আগেই প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন পেরেস। এ সময় সাংবাদিক ও লা লিগার সমালোচনা করে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে ‘সংগঠিত প্রচারণা’ চালানো হচ্ছে।
২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রথম দফায় রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন পেরেস। দ্বিতীয় দফায় ২০০৯ সাল থেকে এই পদে আছেন তিনি। তবে টানা দুই মৌসুমে রিয়াল শিরোপাশূন্য থাকায় বেশ চাপে আছেন ৭৯ বছর বয়সী পেরেস।
২০ বছরের মধ্যে প্রথমবার কোনো নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে পেরেসকে। তবে এনরিকে রিকেলমের বিপক্ষে পেরেস জিতবেন বলেই ধারণা করছে স্পেন ও ইংল্যান্ডের গণমাধ্যমগুলো।
গত সেপ্টেম্বরে বেনফিকার কোচের দায়িত্ব নেন মরিনিয়ো। তার অধীনে এবারের মৌসুমে পর্তুগিজ লিগে অপরাজিত থেকে তৃতীয় হয় ক্লাবটি।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম দফায় রিয়ালের দায়িত্বে ছিলেন মরিনিয়ো। ওই মেয়াদে দলকে চার বছর পর লা লিগার শিরোপা জেতানোর পাশাপাশি কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতান এই পর্তুগিজ কোচ।
কার্লো আনচেলত্তির বিদায়ের পর গত বছর ক্লাব বিশ্বকাপ দিয়ে রিয়ালের কোচের দায়িত্ব নিয়েছিলেন শাবি আলোনসো। কিন্তু গত জানুয়ারিতে তাকে বিদায় করে আলভারো আরবেলোয়াকে কোচ করে মাদ্রিদের ক্লাবটি। তবে কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হয় তাদের।
গত ১০ মে এল ক্লাসিকোয় ২-০ গোলে হারলে লা লিগা শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে হেরে কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় টুর্নামেন্টের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।
২০১৩ সালে রিয়াল ছাড়ার পর দ্বিতীয় মেয়াদে চেলসির কোচ হন মরিনিয়ো। সেখানে প্রিমিয়ার লিগে নিজের তৃতীয় শিরোপা জেতেন তিনি। সঙ্গে ২০১৪-১৫ মৌসুমে দলকে জেতান ফুটবল লিগ কাপ।
পারস্পারিক সমঝোতায় ২০১৫ সালে চেলসি ছাড়ার পর ২০১৬ সালে তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড যোগ দেন মরিনিয়ো। সেখানে ইউরোপা লিগ, লিগ কাপ ও কমিউনিটি শিল্ড জেতেন তিনি। দলের টানা ব্যর্থতায় ২০১৮ সালের ডিসেম্বর ছাঁটাই হন তিনি।
এরপর টটনাম হটস্পার, ইতালিয়ান ক্লাব রোমার ডাগআউট সামলান মরিনিয়ো। ইতালির ক্লাবটিতে ২০২২ সালে জেতেন কনফারেন্স লিগ। বেনফিকায় যোগ দেওয়া আগে তিনি ছিলেন তুরস্কের ক্লাব ফেনেরবাচের দায়িত্বে।















মন্তব্য করুন: