দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

১৪ ডিসেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল ভারত

দক্ষিণ আফ্রিকাকে অল্পতে আটকে রেখে অর্ধেক কাজটা করে দিয়েছিলেন বোলাররা। কোনো চাপ ছাড়া বাকি কাজটুকু সারলেন ব্যাটাররা। এতেই ৭ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

রোববার ধর্মশালায় সিরিজের তৃতীয় ম্যাচে অধিনায়ক এইডেন মারক্রামের ফিফটির সুবাদে ১১৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস। জবাবে ২৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সূর্যকুমার যাদবের দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারতীয় পেস তোপে পঞ্চাশ রানের আগেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। আর্শদীপ সিং ও যশপ্রীত বুমরাহর বদলে একাদশে আসা হার্শিত রানা শুরুর ৭ রানের ভেতর তুলে নেন রিজা হেন্ড্রিকস (০), কুইন্টন ডি কক (১) ও ডেওয়াল্ড ব্রেভিসকে (২)। পাওয়ারপ্লেতে মোটে ২৫ রান তুলতে পারে সফরকারীরা। প্রথম ১০ ওভারে ৪৪ রান তোলার পর কর্বিন বোশকে (২০) হারায় তারা।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা চালান মারক্রাম। কিন্তু অধিনায়ককে তেমন কেউই সঙ্গ দিতে পারেননি। মাঝের ওভারগুলোতে পেসারদের সঙ্গে দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুতগতিতে রানও তুলতে পারেনি তারা।

৪৬ বলে ৬ চার ২ ছক্কায় ৬১ রান করা মারক্রামকে ফেরান আর্শদীপ। ইনিংসের শেষ ওভারে দুই উইকেট নিয়ে প্রোটিয়াদের গুটিয়ে দেন কুলদীপ। বাঁহাতি এই রিস্ট স্পিনারসহ দুটি করে উইকেট নেন আর্শদীপ, হার্শিত ও বরুণ।

ছোট লক্ষ্য তাড়ায় স্বাগতিকদের উড়ন্ত সূচনা এনে দেন অভিষেক শর্মা ও শুভমান গিল। ১৮ বলে ৩টি চার ও ছক্কায় ৩৫ রান করা অভিষেকের বিদায়ে ভাঙে ৬০ রানের উদ্বোধনী জুটি। আগের দুই ম্যাচে ব্যর্থ গিল এদিন ধীরগতিতে খেলে করেন ২৮ বলে ২৮ রান। তাকে বোল্ড করেন মার্কো ইয়েনসেন।

দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা অধিনায়ক সূর্যকুমার ফেরেন ১১ বলে ১২ রান করে। দলকে জিতিয়ে মাঠ ছাড়া তিলক ভার্মা ৩৪ বলে ২৬ এবং দুবে ৪ বলে ১০ রান নিয়ে অপরাজিত থাকেন।

আগামী বুধবার লক্ষ্ণৌতে সিরিজের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add