চট্টগ্রামকে গুঁড়িয়ে বিপিএল শুরু রংপুরের
২৯ ডিসেম্বর ২০২৫
মিডিয়াম পেসে চট্টগ্রাম রয়্যালসকে অল্পতে আটকিয়ে অর্ধেক কাজটা করে দিয়েছিলেন ফাহিম আশরাফ। বাকি কাজটা করলেন ব্যাটাররা। ৭ উইকেটের জয়ে বিপিএলের এবারের আসর শুরু করেছে রংপুর রাইডার্স।
সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ১৭.৫ ওভার ১০২ রানে অলআউট হয় চট্টগ্রাম। জবাবে ৫ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রংপুর।
টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রামের প্রথম ওভারেই আঘাত হানেন নাহিদ রানা। এরপর ঝড় তোলেন নাঈম শেখ। কিন্তু মুস্তাফিজুর রহমান আক্রমণে এসে প্রথম ওভারেই বাঁহাতি এই ওপেনারকে (৩৯) বোল্ড করলে ভাঙে দ্বিতীয় উইকেটে ২৪ বলে ৪২ রানের জুটিটি। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে চট্টগ্রামের পুরো ব্যাটিং-অর্ডার।
প্রথম ওভারে কোনো উইকেট না পাওয়া ফাহিম নিজের দ্বিতীয় ওভারে নেন ১ উইকেট। এরপর পাকিস্তানের ডানহাতি এই পেসার নিজের শেষ দুই ওভারে নেন দুটি করে উইকেট। শরিফুল ইসলামকে কট বিহাইন্ড করিয়ে ইনিংস গুটিয়ে দিয়ে নিজের পঞ্চম শিকারটি ধরেন তিনি।
১৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ফাহিম।
ছোট লক্ষ্য তাড়ায় ডাভিড মালান ও লিটন দাসের আগ্রাসী শুরুতে ১০ উইকেটে জয়ের পথে ছিল রংপুর। কিন্তু ১৩তম ওভারের প্রথম বলে লিটনের (৪৭) বিদায়ে ভাঙে ৯১ রানের জুটি। মুকিদুল ইসলামের করা একই ওভারে ফেরেন তাওহিদ হৃদয়ও (১)। জয় থেকে ২ রান দূরে থাকতে বিদায় নেন মালান (৫১)। সেই ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতান খুশদিল শাহ।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: