নাঈম-রসিংটন ঝড়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

৪ জানুয়ারি ২০২৬

নাঈম-রসিংটন ঝড়ে টানা দ্বিতীয় জয় চট্টগ্রামের

আবারও প্রতিপক্ষকে অল্পতে আটকে রেখে অর্ধেক কাজটা সেরে রেখেছিলেন চট্টগ্রাম রয়্যালসের বোলাররা। লক্ষ্য তাড়ায় বাকি কাজটুকু করলেন নাঈম শেখ ও অ্যাডম রসিংটন। এই দুই ওপেনারের ফিফটিতে সিলেট টাইটান্সকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৬ রান তুলতে পারে সিলেট। জবাবে ৪ ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় চট্টগ্রাম।

৩৭ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নাঈম। ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন রসিংটন।

গত শুক্রবার ঢাকা ক্যাপিটালসকে ১২২ রানে গুটিয়ে দেওয়ার পর নাঈম ও রসিংটনের ফিফটিতে ১০ উইকেটে জিতেছিল চট্টগ্রাম।

এদিনও বোলিংয়ে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখে দলটি। পাওয়ারপ্লেতেই তুলে নেয় সিলেটের ৫ উইকেট। ওপেনিংয়ে নামা সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে (৫) দ্বিতীয় ওভারে ফিরিয়ে যার শুরুটা করেন মুকিদুল ইসলাম।

৩৪ রানে ৫ উইকেট হারানোর পর পারভেজ হোসেন ইমন ও আজমতউল্লাহ ওমারজাই দলকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ১৪তম ওভারের প্রথম বলে ইমনের (১৭) বিদায়ে ৪৩ রানের এই জুটি ভাঙার পর কমে আসে রানের গতিও। ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করা ওমারজাইকে ফেরান শরিফুল ইসলাম। দুটি করে উইকেট নেন অধিনায়ক শেখ মাহেদি হাসান ও মির্জা বেগ।

লক্ষ্য তাড়ায় টানা দ্বিতীয় শতরানের জুটি গড়েন নাঈম ও রসিংটন। ৩৩ বলে ফিফটি হাঁকানোর পর নাঈমের বিদায়ে ভাঙে ১১৫ রানের এই জুটি। এরপর সাদমান ইসলামকে (৩*) নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রসিংটন।

চার ম্যাচে তিন জয়ে বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। নেট রান রেটে পিছিয়ে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রাজশাহী ওয়ারিয়র্স।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]

মন্তব্য করুন: