বেথেলের প্রথম সেঞ্চুরি অপেক্ষা বাড়াল অস্ট্রেলিয়ার

৭ জানুয়ারি ২০২৬

বেথেলের প্রথম সেঞ্চুরি অপেক্ষা বাড়াল অস্ট্রেলিয়ার

লাল বলের ক্রিকেটে জ্যাকব বেথেলের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে পঞ্চম দিনে গড়িয়েছে অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট। বাঁহাতি এই ব্যাটারের একার লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে ১১৯ রানের লিড পেয়েছে ইংল্যান্ড, হাতে আছে ২ উইকেট।

বুধবার সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩০২ রান। এর আগে দিনের শুরুতে ৫৬৭ রানে প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া।

শুধু টেস্ট নয়, প্রথম শ্রেণির ক্রিকেটেই এদিন প্রথম সেঞ্চুরির দেখা পান বেথেল। ২২ বছর বয়সী এই ব্যাটার অপরাজিত আছেন ১৪২ রানে। ২৩২ বলের ইনিংসে চার মেরেছেন ১৫টি। শেষ দিন তার সঙ্গে ব্যাটিংয়ে নামবেন রানের খাতা খোলার অপেক্ষায় থাকা ম্যাথিউ পটস।

৭ উইকেটে ৫১৮ রান নিয়ে দিনের খেলা শুরু করা অস্ট্রেলিয়ার হয়ে ফিফটি তুলে নেন বোউ ওয়েবস্টার। স্টিভ স্মিথের সঙ্গে অষ্টম উইকেটে গড়েন শতরানের জুটিও। তবে এরপরই ১৩৮ রান করা স্মিথকে ফিরিয়ে ১০৭ রানের এই জুটি ভাঙেন জশ টাং। এরপর দ্রুতই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে ৭১ রানে অপরাজিত থাকেন ওয়েবস্টার।

১৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ডের প্রথম ওভারেই আঘাত হানেন মিচেল স্টার্ক। ওভারের পঞ্চম বলে জ্যাক ক্রলিকে (১) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন তিনি। এই নিয়ে এবারের অ্যাশেজে চারবার প্রথম ওভারে উইকেট পেলেন বাঁহাতি এই পেসার। আর পুরো ক্যারিয়ারে প্রথম ওভারে উইকেট নিয়েছেন মোট ২৭ বার।

আর কোনো উইকেট না হারিয়ে দলকে মধ্যাহ্ন ভোজের বিরতিতে নিয়ে যান বেন ডাকেট ও বেথেল। বিরতির পর তৃতীয় ওভারে ডাকেটকে (৪২) বোল্ড করে ৮১ রানের জুটি ভাঙেন মাইকেল নিসার। প্রথম ইনিংসে শতক হাঁকানো জো রুটকে (৬) ফেরান স্কট বোল্যান্ড।

চতুর্থ উইকেটে হ্যারি ব্রুক ও বেথেলের শতরানের জুটিতে লিড নেয় ইংল্যান্ড। ১৬২ বলে সেঞ্চুরি তুলে নেন বেথেল। ব্রুককে (৪২) এলবিডাব্লিউর ফাঁদে ফেলে ১০২ রানের এই জুটি থামান পেসার থেকে অফ স্পিনার বনে যাওয়া ওয়েবস্টার। এক বল পরে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন উইল জ্যাকস। ওয়েবস্টারকে উড়িয়ে মারতে গেলে ডিপ মিড উইকেট অঞ্চলে দুর্দান্ত ক্যাচ নেন ক্যামেরন গ্রিন।

বেথেলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটে কাটা পড়েন জেইমি স্মিথ (২৬)। দিনের চতুর্থ ওভারে বোলিংয়ের সময় কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়া অধিনায়ক বেন স্টোকস আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ফেরেন ১ রান করে। শেষ বেলায় ব্রাইডন কার্সকে (১৬) ফেরান বোল্যান্ড।

মন্তব্য করুন: