রংপুরকে গুঁড়িয়ে দুইয়ে সিলেট

১২ জানুয়ারি ২০২৬

রংপুরকে গুঁড়িয়ে দুইয়ে সিলেট

নাসুম আহমেদ ও শহিদুল ইসলামের নৈপুণ্যে অল্পতেই রংপুর রাইডার্সকে আটকে দিয়েছিল সিলেট টাইটান্স। ছোট লক্ষ্য তাড়ায় পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ৬ উইকেটের সহজ জয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে উঠেছে মেহেদী হাসান মিরাজের দল।

সোমবার সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে ৫ বল আগে ১১৪ রানে গুটিয়ে যায় রংপুর। জবাবে ১৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সিলেট।

টস হেরে ব্যাটিংয়ে নামা রংপুর রানের খাতা খোলার আগেই হারায় কাইল মায়ার্সের উইকেট। দ্বিতীয় ওভারে ক্যারিবিয়ান এই ব্যাটারকে ফেরান নাসুম। পরের ওভারে আগের ম্যাচে ৯৭ রানে অপরাজিত থাকা তাওহিদ হৃদয়কে (৪) এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন শহিদুল। ব্যাট হাতে ছন্দহীন লিটন দাসের ১২ বলে ২২ রানের ইনিংসটিও থামান ডানহাতি এই পেসার।

২৭ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরার চেষ্টা করেন ইফতিখার আহমেদ ও খুশদিল শাহ। ইফতিখারকে (১৭) ফিরিয়ে ৪০ রানের এই জুটি ভাঙেন মঈন আলী। পরের ওভারে রানআউটে কাটা পড়েন ইনিংস সর্বোচ্চ ৩০ রান করা খুশদিল। ৯০ থেকে ৯৫ রানে যেতে আরও ৪ উইকেট হারায় রংপুর। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের (২৯) ব্যাটে একশ পার করে তারা।

তিনটি করে উইকেট নেন নাসুম ও শহিদুল। ৪ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নেন মঈন।

লক্ষ্য তাড়ায় ৪০ বলে ৫৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন তৌফিক খান (৩৩) ও ইমন। ২৬ রানের দ্বিতীয় উইকেট জুটিতে একাই ২১ রান করে আরিফুল ইসলাম। ১৭তম ওভারের শেষ দুই বলে আফিফ হোসেন (২১) ও ইথান ব্রুকসকে (০) তুলে নেন নাহিদ রানা। পরের ওভারে দলকে জয় এনে দেন ইমন। আসরে নিজের তৃতীয় ফিফটিতে বাঁহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ৪১ বলে ৫২ রানে।

৯ ম্যাচে ৫ জয় পাওয়া সিলেটের পয়েন্ট ১০। টানা তৃতীয় ম্যাচ হারা রংপুর ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস। তিনে থাকা রাজশাহী ওয়ারিয়ার্সেরও পয়েন্ট ১০।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add