নাজমুল বিসিবি থেকে না সরলে খেলবে না ক্রিকেটাররা

১৪ জানুয়ারি ২০২৬

নাজমুল বিসিবি থেকে না সরলে খেলবে না ক্রিকেটাররা

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে করেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। বৃহস্পতিবার বিপিএলের ম্যাচ শুরুর আগে এই পরিচালক পদত্যাগ না করলে সব ধরনের খেলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন।

বুধবার রাতে অনলাইনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার এবারের বিপিএলে ঢাকা পর্বের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

ঘটনার সূত্রপাত বুধবার বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাজমুলের মন্তব্যকে কেন্দ্র করে। গত কয়েকদিন ধরে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া নিয়ে আইসিসির সঙ্গে টানাপোড়েন চলছে। শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি নাএমন প্রশ্ন করা হয় বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুলের কাছে।

জবাবে তিনি বলেন, “ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি? এই প্রশ্নের উত্তর দেন আমাকে।

"আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ডও পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা প্রত্যেকবারই তো বলতে পারি যে, ‘তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি?’”

কয়েকদিন আগে এক ফেইসবুক পোস্টে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকেভারতীয় দালালআখ্যা দিয়ে আলোচনায় আসেন নাজমুল। সে ঘটনা দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।

জুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন বলেছেন, “উনি যেভাবে আমাদের সব ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করেছেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো উনি যদি আগামীকাল ম্যাচের আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করব।

অন্যদিকে মিঠুনের খেলা বয়কটের আল্টিমেটামের দেওয়ার আগেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সাম্প্রতিক সময়ে কারো দেওয়া কিছু বক্তব্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকলে, সে জন্য বোর্ড দুঃখ প্রকাশ করেছে।

মন্তব্য করুন: