সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড সোবহানার

১ ফেব্রুয়ারি ২০২৬

সিরিজে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড সোবহানার

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর আগেও ব্যাট হাতে মোটেও ধারাবাহিক ছিলেন না সোবহানা মোস্তারি। কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপের মূলপর্বে তুলতে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনিই। গড়েছেন এক সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড।

রোববার নেপালের মুলপানিতে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে সাত ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত থেকে বিশ্বকাপের মূলপর্বে পা রাখে বাংলাদেশ। ২৩ বলে ৩৩ রানের অপরাজিত থাকেন সোবহানা।

২৩ বছর বয়সী এই ব্যাটার আসর শেষ করেন দ্বিতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হিসেবে। ৭ ইনিংসে সর্বোচ্চ ৫২ দশমিক ৪০ গড়ে করেন ২৬২ রান। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার এক সিরিজে বা টুর্নামেন্টে ২০০ রানও করতে পারেননি।

এই টুর্নামেন্টে দুইশর কাছাকাছি গিয়েছেন শারমিন আক্তার। ডানহাতি এই ব্যাটার শেষ ম্যাচে ১৩ রানে আউট হয়ে আসর শেষ করেন ১৯৫ রানে নিয়ে।

এর আগে এক সিরিজ বা টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল নিগার সুলতানা জ্যোতির। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে ৫ ইনিংসে ১৮০ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।

শুধু রান করার দিক দিয়েই নয়, দ্রুত রান তোলার দিক দিয়েও নজর কাড়েন সোবহানা। বাছাইপর্বের আগে তার ক্যারিয়ার ব্যাটিং গড় ছিল ১৫ দশমিক ৪২, আর স্ট্রাইক রেট ৮৪ দশমিক ৫৫।

টুর্নামেন্টে সোবহানা রান করেছেন ১৪৫ দশমিক ৫৫ স্ট্রাইকে, যা আসরে অন্তত ১০০ বল খেলেছে এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের হয়ে কোনো সিরিজ বা টুর্নামেন্টে একাধিক ইনিংস খেলে অন্তত ১০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ডও এটি।

এই আসরেই ১৩৫ দশমিক ৯৬ স্ট্রাইক রেটে রান করে সোবহানার পরের স্থানে আছেন ওপেনার দিলারা আক্তার। তিনি করেছেন ১৫৫ রান।

এবারের আগের রেকর্ডটি ছিল জ্যোতির। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি ১১৩ রান করেছিলেন ১১১ দশমিক ৮৮ স্ট্রাইক রেটে।

২০১৯ সালের আগস্টে জাতীয় দলের জার্সিতে টি-টুয়েন্টিতে অভিষেক হওয়া সোবহানার প্রথমবারের মতো ৩০ ছাড়ানো ইনিংস খেলতে সময় লাগে ৩৯ ম্যাচ। ৫০টির বেশি ম্যাচ খেললেও ফিফটির দেখা পাচ্ছিলেন না তিনি। সেই অপেক্ষার অবসান হয় গত বুধবার সুপার সিক্সে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে। ক্যারিয়ারের ৫২তম ম্যাচে ফিফটির স্বাদ পাওয়া এই ব্যাটার খেলেন ৪২ বলে ৫৯ রানের ইনিংস। পরের ম্যাচেই আরেকবার যান পঞ্চাশের কাছাকাছি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে আউট হন ২৩ বলে ৪৭ রান করে।

মন্তব্য করুন: