টি-টুয়েন্টি কাপে ধূমকেতু দলে জাতীয় দলের ক্রিকেটাররা

১ ফেব্রুয়ারি ২০২৬

টি-টুয়েন্টি কাপে ধূমকেতু দলে জাতীয় দলের ক্রিকেটাররা

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য আগে ঘোষণা করা দলের ক্রিকেটারদের অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের ধূমকেতু দলে রাখা হয়েছে। টুর্নামেন্টে জাতীয় দলের বাইরে থাকা ও যুব দলের ক্রিকেটারদের বিপক্ষে খেলবেন বিশ্বকাপ খেলার সুযোগ হারানো ক্রিকেটাররা।

রোববার বিকেলে টি-টুয়েন্টি কাপের তিনটি দলের প্রতিটির জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের জন্য দল ছিল ১৫ সদস্যের। তাই লিটন দাসের নেতৃত্বে ১৩ সদস্যের ধূমকেতু দলে নেই বিশ্বকাপের দলে থাকা নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এই দুই ক্রিকেটার আছেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে গড়া দুর্বার দলে। এই দলে থাকা ক্রিকেটারদের প্রায় সবাই কোনো না কোনো সময় জাতীয় দলের হয়ে খেলেছেন কিংবা খেলছেন। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা পেসার আল ফাহাদের জায়গা হয়েছে এই দলে।

অন্যদিকে আকবর আলীর নেতৃত্বে তারুণ্য নির্ভর দুরন্ত দলে সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা আজিজুল হাকিম তামিম, জাওয়াদ আবরার ও ইকবাল হোসেন ইমন আছেন। এছাড়া দলে আরও আছেন গত দুই যুব বিশ্বকাপে খেলা জিশান আলম, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম ও রিপন মন্ডল।

এর আগে শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টুয়েন্টি কাপ আয়োজনের ঘোষণা দেয় বিসিবি। প্রাইজমানি ও ফি হিসেবে রাখা হয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা।

আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন দলের এই টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মাঠে নামবে ধূমকেতু ও দুরন্ত। পরদিন ধূমকেতু প্রতিপক্ষ দুর্বার। শনিবার মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপের স্কোয়াডসমূহ:

ধূমকেতু:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

দুর্বার:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, খালেদ আহমেদ, আল ফাহাদ।

দুরন্ত:

আকবর আলী (অধিনায়ক), জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, আজিজুল হাকিম তামিম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মেহরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন।

মন্তব্য করুন: