শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চমক কামিন্দু

৩ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে চমক কামিন্দু

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজে না থাকা অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

সোমবার দাসুন শানাকাকে অধিনায়ক করে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)

ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজের দলে থাকা অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা বাদ পড়েছেন দল থেকে। জায়গা হয়নি পেসার প্রমোদ মাদুশানেরও।

বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে কামিন্দুর ফেরাটাই। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও গত মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের কোনো ম্যাচে একাদশে সুযোগ পাননি বাঁহাতি এই ব্যাটার। এরপর জায়গা হারান ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে।

এই দুই সিরিজে তিন ম্যাচ খেলে ভালো করতে না পারা ধনঞ্জয়ার জায়গায় মূলত সুযোগ পেয়েছেন দুই হাতে বল করতে পারা কামিন্দু। তবে সাম্প্রতিক সময়ে টি-টুয়েন্টিতে ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের পারফরম্যান্সও তেমন আহামরি নয়। শ্রীলঙ্কার হয়ে সবশেষ দুই ইনিংসে তার মোট রান ১৫। গত ডিসেম্বরে আইএল টি-টুয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে দুই ইনিংসে করতে পারেন ২০ রান।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়া ইশান মালিঙ্গাকেও রাখা হয়েছে চূড়ান্ত দলে। তবে আসরের শুরু থেকে ২৪ বছর বয়সী এই পেসারের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।

আগামী রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে শ্রীলঙ্কা।বি গ্রুপে ২০১৪ সালের চ্যাম্পিয়নদের বাকি তিন প্রতিপক্ষ ওমান (১২ ফেব্রুয়ারি), অস্ট্রেলিয়া (১৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ে (১৯ ফেব্রুয়ারি।)

টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার চূড়ান্ত দল:

দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, চারিত আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা

মন্তব্য করুন: