নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর, প্রথমবার পিএসএলে স্মিথ
৪ ফেব্রুয়ারি ২০২৬
পিসিএলে এবার নতুন দলে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে
লাহোর কালান্দার্সকে গত আসরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিশাদ হোসেন। তবে এবারের আসরের নিলামের আগে বাংলাদেশের এই লেগ স্পিনারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ।
পিএসএলের ইতিহাসে এবারই প্রথম প্লেয়ার্স ড্রাফটের বদলে নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নতুন নিয়ম অনুযায়ী, নিলামের বিভিন্ন ক্যাটাগরির চারজন ক্রিকেটার ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে লাহোর, যেখানে নেই গত বছর ৭ ম্যাচ ১৩ নিয়ে দলটির স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়া রিশাদ।
লাহোরের ধরে রাখা চারজন খেলোয়াড় হলেন- শাহিন আফ্রিদি (প্লাটিনাম), আবদুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড) ও মুহাম্মদ নাঈম (সিলভার)।
সম্প্রতি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে লিগে প্রথমবারের মতো খেলেন রিশাদ। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে হন তার দল হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেট শিকারি। এবারের আসরে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো স্পিনার।
আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের একাদশ আসরের নিলাম। ২৬ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৩ মে পর্যন্ত।
পিএসএলে দল সংখ্যা ছয়টি থেকে বেড়ে এবার হয়েছে আটটি। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি হলো হায়দরাবাদ ও শিয়ালকোট। এর মধ্যে শিয়ালকোট সরাসরি দলে নিয়েছে স্মিথকে। অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ডানহাতি এই ব্যাটার ২০ ওভারের ক্রিকেটে আছেন দুর্দান্ত ছন্দে।
গত মাসে অ্যাশেজ সিরিজ শেষে বিগ ব্যাশে ফিরে ব্যাট হাতে ঝড় তোলেন স্মিথ। সিডনি সিক্সার্সের হয়ে ৬ ইনিংসে ৫৯ দশমিক ৮০ গড় এবং ১৬৭ দশমিক ৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করেন তিনি। একটি সেঞ্চুরির সঙ্গে হাঁকান দুটি ফিফটিও।















মন্তব্য করুন: