বিশ্বকাপের আগে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাইম
৪ ফেব্রুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপে এই ফরম্যাটের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছেন সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাট-বলের দুর্দান্ত পারফরম্যান্সে এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন পাকিস্তানের এই অলরাউন্ডার।
আগামী শনিবার টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বুধবার সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। অলরাউন্ডারদের তালিকার শীর্ষে থাকা সাইমের রেটিং পয়েন্ট ২৮০। এক ধাপ নেমে ২৭৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশড করে পাকিস্তান। তৃতীয় ম্যাচে ফিফটিসহ ঝড়ো ব্যাটিংয়ে সিরিজে মোট ১১৯ রান করেন সাইম। এছাড়া অফ স্পিনে নেন ৩ উইকেট।
টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাইম প্রথমবারের মতো শীর্ষে ওঠেন গত বছর অক্টোবরে। তবে চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে বিবর্ণ পারফরম্যান্সে সেই জায়গা হারান তিনি।
আগের মতোই তৃতীয় স্থানে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।
বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের আরও কয়েকজনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে বড় লাফ দিয়েছেন মোহাম্মদ নাওয়াজ। ৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় সাত নম্বরে আছেন এই স্পিনার। আর সিরিজে ৬ উইকেট নিয়ে ২ ধাপ এগিয়ে দুই নম্বরে আছেন আবরার আহমেদ। শীর্ষে থাকা ভারতের বরুণ চক্রবর্তীর চেয়ে ২৮ রেটিং পয়েন্ট পেছনে আছেন এই লেগ স্পিনার।
টি-টুয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে যৌথভাবে ২৭ নম্বরে আছেন সাইম। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ রান করে সিরিজ সেরা হওয়া পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ১২ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে।
এই তালিকায় শীর্ষ দশে বেশ কিছু পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কাকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করার পথে ব্যাট হাতে অবদান রাখা ইংল্যান্ডের জস বাটলার এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন। চারে নেমে গেছেন চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে খেলতে না পারা ভারতের তিলক ভার্মা।
এক ধাপ করে এগিয়ে পাঁচ নম্বরে শ্রীলঙ্কার পাথুম নিসানকা এবং ছয় নম্বরে ভারতের সূর্যকুমার যাদব আছেন। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন নিউ জিল্যান্ডের টিম সাইফার্ট।
ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন ভারতের অভিষেক শর্মা। দুইয়ে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট।















মন্তব্য করুন: