সূর্যবংশীর ঝড়ে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতল ভারত

৬ ফেব্রুয়ারি ২০২৬

সূর্যবংশীর ঝড়ে ইংল্যান্ডকে হারিয়ে ষষ্ঠ শিরোপা জিতল ভারত

বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ গড়ে জয়ের পথে একধাপ এগিয়েই ছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। রান পাহাড় টপকাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ চেষ্টা চালালেও তা যথেষ্ঠ ছিল না। ১০০ রানের জয়ে ষষ্ঠবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয়রা।

শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ফাইনালে ৯ উইকেটে ৪১১ রান তোলে ভারত। জবাবে ক্যালেব ফ্যালকনারের ঝড়ো শতকের পর প্রায় ১০ ওভার আগে ৩১১ রানে অলআউট হয় ইংলিশরা।

আগে থেকেই বয়সভিত্তিক এই প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন ভারত। এবার তারা শিরোপার সংখ্যা নিয়ে গেল ছয়টিতে। চারটির বেশি নেই আর কারোর। এর আগে ২০২২ আসরের ফাইনালেও ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।

৮০ বলে ১৫টি চার ও রেকর্ড ১৫টি ছক্কায় ১৭৫ রান করেন সূর্যবংশী। এটি আইসিসির যেকোনো টুর্নামেন্টের ফাইনালেরই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ড। এর আগে ২০২২ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির ১৭০ রান ছিল সর্বোচ্চ।

রেকর্ড গড়া ইনিংস খেলে ম্যাচসেরা হন সূর্যবংশী। ৪৩৯ রান করে টুর্নামেন্ট সেরাও হয়েছেন ১৪ বছর বয়সী এই ব্যাটার।

টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে উড়ন্ত সূচনা এনে দেওয়া সূর্যবংশী সেঞ্চুরি পূর্ণ করেন ৫৫ বলে। এরপর যেন আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বাঁহাতি এই ওপেনার। ৭১ বলে ১৩ ছক্কা ও ১২ চারে পূর্ণ করেন ১৫০ রান, যা যুব ওয়ানডের ইতিহাসের দ্রুততম দেড়শ রানের ইনিংস। ভেঙে দেন নিজেরই গড়া ৮৪ বলের আগের রেকর্ড।

২৫ ওভার ৩ বলে দলীয় ২৫১ রানে সূর্যবংশী বিদায়ের পর কমে আসে রানের গতিও। শেষ পর্যন্ত অভিজ্ঞান কুন্ডু (৪০) ও কনিষ্ক চৌহানের (৩৭*) ব্যাটে চারশ পার করে ভারত।

লক্ষ্য তাড়ায় পঞ্চম ওভারে ১৯ রানে প্রথম উইকেটের পতনের পর দ্রুতগতিতে রান তুলতে শুরু করে ইংল্যান্ড। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭১ রান। তবে এরপরই খেই হারিয়ে ফেলে তারা। ২১তম ও ২২তম ওভারে দুটি করে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা।

তবে এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকেন ফ্যালকনার। ৬৩ বলে ৮ চার ও ৬ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটার। ৬৭ বলে ১১৫ রান করা এই ব্যাটারের বিদায়ে ৪০ ওভার ২ বলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add