হার্শিতের চোটে ভারতের বিশ্বকাপ দলে সিরাজ

৭ ফেব্রুয়ারি ২০২৬

হার্শিতের চোটে ভারতের বিশ্বকাপ দলে সিরাজ

হাঁটুর চোটের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর আগের দিন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হার্শিত রানা। এই পেস-বোলিং অলরাউন্ডারের বদলে ভারতের বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে আরেক পেসার মোহাম্মদ সিরাজকে।

শুক্রবার রাতে এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এই পেসারকে দলে নেওয়ার কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর আগে একই দিন মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে হার্শিতকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হাঁটুর চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন হার্শিত।

বিশ্বকাপে বদলি হিসেবে কাউকে মূল দলে যোগ করতে চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমতি প্রয়োজন হয়। পরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিরাজকে বদলি হিসেবে দলে নেওয়ার অনুমোদন দিয়েছে টেকনিক্যাল কমিটি।

ভারতের টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য সিরাজ গত দেড় বছর ধরে জাতীয় দলের জার্সিতে কোনো টি-টুয়েন্টি খেলেননি। এই ফরম্যাটে ডানহাতি এই পেসার সবশেষ ম্যাচ খেলেন ২০২৪ সালের জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে। এখন পর্যন্ত ১৬ ম্যাচে তার শিকার ১৪ উইকেট।

অন্যদিকে সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে ছন্দে থাকা হার্শিতের ৯ টি-টুয়েন্টিতে শিকার ৯ উইকেট, ব্যাট হাতে ৩ ইনিংসে করেছেন ৫৭ রান।

শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে এবার বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add