স্কটল্যান্ডকে হারিয়ে শুরু উইন্ডিজের
৭ ফেব্রুয়ারি ২০২৬
শিমরন হেটমায়ারের ঝড়ো ফিফটি এবং রোমারিও শেফার্ডের পাঁচ উইকেটের কল্যানে স্কটল্যান্ডকে হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে হারায় বাংলাদেশের বয়কটের কারণে দেরিতে টুর্নামেন্টে সুযোগ পাওয়া স্কটল্যান্ডকে।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে ৩৭ রানে ৩ উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস জুটি বেঁধে কিছু সময়ের জন্য অঘটনের আশা জাগান।
চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৭৮ রান। ২৪ বলে ৪২ রান করা বেরিংটন সামনে থেকে নেতৃত্ব দেন। তবে ১১৫-৪ স্কোরে তার বিদায়ে গতি থেমে যায়।
১৭তম ওভারে হ্যাটট্রিকসহ চার উইকেট তুলে নিয়ে ম্যাচ কার্যত শেষ করে দেন শেফার্ড। তিনি শেষ করেন ৫–২০ বোলিং ফিগারে। ৭ বল বাকি থাকতে ১৪৭ রানে সব উইকেট হারায় স্কটল্যান্ড।
এর আগে টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে ১৮২ রানে আটকে রাখে স্কটল্যান্ড।
পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে কেবল ৩৩ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্রুত দুই উইকেট হারায় তারা।
নবম ওভারে অফস্পিনার মাইকেল লিস্ক আউট করেন অধিনায়ক শাই হোপকে। পরের ওভারে ২১ বছর বয়সী অভিষিক্ত অলিভার ডেভিডসন ফিরিয়ে দেন ৩০ বলে ৩৫ করা ব্র্যান্ডন কিংকে।
ইনিংসের অর্ধেকে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৬৬-২। তবে হেটমায়ারের বিস্ফোরক ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
২২ বলে ফিফটি করা হেটমায়ার ৩৬ বলে ৬৪ রান করার পর শেষের আগের ওভারে ওয়াইড লং-অন বাউন্ডারিতে ব্র্যান্ডন ম্যাকমালেনের দারুণ ক্যাচে বিদায় নেন। রভম্যান পাওয়েলও ১৪ বলে ২৪ রান এবং শেরফাইন রাদারফোর্ড ১৩ বলে ২৬ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন















মন্তব্য করুন: