লিস্ক-মানজির নৈপুণ্যে ইতালিকে হারাল স্কটল্যান্ড

৯ ফেব্রুয়ারি ২০২৬

লিস্ক-মানজির নৈপুণ্যে ইতালিকে হারাল স্কটল্যান্ড

মাইকেল লিস্ক ও জর্জ মানজির দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে অভিষেক হওয়া ইতালিকে ৭৩ রানে হারিয়েছে স্কটল্যান্ড।

কলকাতায় সোমবার টি-টুয়েন্টি বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রতিপক্ষকে ১৩৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বদলে সুযোগ পাওয়া দেশটি।

৪০ রানে জীবন পাওয়া মানজি  দুই ছক্কা ও ১৩ চারে ৫৪ বলে ৮৪ রান করেন। ১৮ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। ৩৭ রান আসে মাইকেল জোন্সের ব্যাট থেকে। আর ইনিংসের শেষ পাঁচ বলে ২২ রান যোগ করেন লিস্ক।

টি-টুয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ২০০ রান করল স্কটল্যান্ড। আগের সেরা ছিল গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮০।

ব্যাটিংয়ের সেই গতি ফিল্ডিংয়েও ধরে রাখেন লিস্ক। প্রথম বলেই ইতালির ওপেনার জাস্টিন মস্কাকে আউট করেন তিনি, ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন মানজি।

এরপর দুই ভাই বেন মানেন্তি ও হ্যারি মানেন্তির ৭৩ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও রানরেটের দিক থেকে সবসময় পিছিয়েই ছিল ইতালি। এই জুটি ভাঙার পর দ্রুতই শেষের সারির ব্যাটারদের গুটিয়ে দেয় স্কটল্যান্ড।

ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে অধিনায়ক ওয়েন ম্যাডসেন ব্যাট করতে পারেননি। শেষ পর্যন্ত ১৬ ওভার ৪ বলে ১৩৪ রানে অলআউট হয় ইতালি।

দুর্দান্ত অফ স্পিনে ১৭ রানে ৪ উইকেট নেন ম্যাচ সেরা লিস্ক। মার্ক ওয়াট নেন ২৪ রানে ২ উইকেট। আর মানজি নেন চারটি ক্যাচ।

দুই ম্যাচে এক জয় পাওয়া স্কটল্যান্ড আগামী শনিবার খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আগামী বৃহস্পতিবার ইতালির পরের প্রতিপক্ষ নেপাল।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add