ডি লিডের নৈপুণ্যে নামিবিয়ার বিপক্ষে দাপুটে জয় নেদারল্যান্ডসের
১০ ফেব্রুয়ারি ২০২৬
বাস ডি লিডের অলরাউন্ড নৈপুণ্যে নামিবিয়ার বিপক্ষে সাত উইকেটের জয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস।
নয়া দিল্লিতে মঙ্গলবার ধীরগতির শুরুর পরও নামিবিয়া ৮ উইকেট হারিয়ে তোলে ১৫৬। লক্ষ্য তাড়া করতে নেমে আগে বল হাতে দুই গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া ডি লিড ৪৮ বলে চারটি ছক্কা ও পাঁচটি চারে অপরাজিত ৭২ রান করে দুই ওভার হাতে রেখে দলকে স্বচ্ছন্দ জয়ে পৌঁছে দেন।
গ্রুপ ‘এ’-এর ম্যাচে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস টসে জিতে আগে ফিল্ডিং নেন এবং আটজন বোলার ব্যবহার করেন। তবে লড়াই করার মতো স্কোর গড়ে ফেলে নামিবিয়া।
ইয়ান নিকোল লফটি-ইটন ৪২ রান করে ইনিংস ধরে রাখেন। ইয়ান ফ্রাইলিঙ্ক ৩০ এবং জে জে স্মিট ২২ রান করেন।
লক্ষ্য তাড়ায় ম্যাক্স ও’ডাউড দ্রুত আউট হন। মাইকেল লেভিট ২৮ রান করেও ইনিংস বড়ো করতে পারেননি। তবে কলিন অ্যাকারম্যান একটি জীবন পেয়ে ৩২ রান করেন এবং ডি লিডের সঙ্গে ম্যাচ নির্ধারণী ৭০ রানের জুটি গড়ে নেদারল্যান্ডসকে জয়ের পথে এগিয়ে দেন।
এর আগে শনিবার কলম্বোয় সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের সঙ্গে লড়াই করেও শেষ ওভারে হেরে যায় ডাচরা।
বৃহস্পতিবার একই ভেন্যুতে শিরোপাধারী ভারতের বিপক্ষে আরও কঠিন পরীক্ষায় নামবে নামিবিয়া। শুক্রবার নেদারল্যান্ডসের পরের ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
নামিবিয়া ১৫৬-৮ (২০ ওভার): লফটি-ইটন ৪২ (৩৮); ভ্যান বিক ২-১৩
নেদারল্যান্ডস ১৫৯-৩ (১৮ ওভার): ডি লিড ৭২* (৪৮); শল্টস ১-২৭
ফল: নেদারল্যান্ডস সাত উইকেটে জয়ী















মন্তব্য করুন: