অবশেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্মিথ

১৬ ফেব্রুয়ারি ২০২৬

অবশেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্মিথ

অধিনায়ক মিচেল মার্শের বিকল্প হিসেবে ডাক পাওয়ার পর অবশেষে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ। পেসার জশ হ্যাজেলউডের বদলি হিসেবে অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নেওয়ার কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (সিএ)।

সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্মিথকে হ্যাজেলউডের বদলি হিসেবে দলে নেওয়ার অনুমোদন দিয়েছে টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি।

মার্শ ও মার্কাস স্টয়নিসের খেলা নিয়ে শঙ্কা থাকায় সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্মিথের খেলার বিষয়টি এখন অনেকটাই নিশ্চিত।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে সবশেষ আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছিলেন স্মিথ। সাম্প্রতি বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ইনিংসে ৫৯.৮০ গড়ে ও ১৬৭.৯৭ স্ট্রাইক রেটে ২৯৯ রান করে বিশ্বকাপ দলে ফেরার জোরালো দাবি তুলেছিলেন তিনি। তবে তাকে তখনও দলে রাখা হয়নি।

কিন্তু গত বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কুঁচকির চোটের কারণে নিয়মিত অধিনায়ক মার্শ খেলতে না পারায় তার বিকল্প হিসেবে স্মিথকে দলে ডাকে সিএ।

অন্যদিকে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টুর্নামেন্ট শুরুর আগের দিন আসর থেকে ছিটকে যান হ্যাজেলউড। সে সময় তার বিকল্প হিসেবে আরেক পেসার শন অ্যাবটকে দলের সঙ্গে রাখলেও স্কোয়াডে নেওয়া হয়নি। এর আগে চোটের কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে যান প্যাট কামিন্স।

আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা অস্ট্রেলিয়া গত শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে যায়। ফলে সুপার এইট নিশ্চিত করতে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচেই জয় দরকার হতে পারে ২০২১ সালের চ্যাম্পিয়নদের।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add