টি-টুয়েন্টিতে ৭০০ উইকেটের অনন্য মাইলফলকে রশিদ
১৬ ফেব্রুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন রশিদ খান। টি-টুয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে এই কীর্তি গড়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।
সোমবার দিল্লিতে ‘ডি’ গ্রুপের ম্যাচে আরব আমিরাত ইনিংসের ১৬তম ওভার মোহাম্মদ আরফানকে হিট উইকেট করার করার মাধ্যমে টি-টুয়েন্টি ক্যারিয়ারের ৭০০তম শিকারটি ধরেন রশিদ।
এই ম্যাচের আগে সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে রশিদের ঝুলিতে ছিল ৬৯৯ উইকেট। আমিরাতের বিপক্ষে ম্যাচে নিজের শেষ ওভারের তৃতীয় বলে মাইলফলকে পৌঁছানো উইকেটের দেখা পান তিনি। রশিদের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিজের স্টাম্পে আঘাত করে বসেন আরফান।
টি-টুয়েন্টিতে উইকেট শিকারির তালিকায় রশিদ খান এখন অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অবসরপ্রাপ্ত ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে রশিদের পরেই রয়েছেন সুনীল নারাইন। ক্যারিবিয়ান এই স্পিনারের উইকেট সংখ্যা ৬১৩।
কেবল সামগ্রিক টি-টুয়েন্টি নয়, আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও শীর্ষে আছেন রশিদ। তার ৭০০ উইকেটের মধ্যে ১৯১টি এসেছে আফগানিস্তানের জার্সিতে। এই তালিকায় ২৭ বছর বয়সী এই লেগ স্পিনারের পেছনে রয়েছেন নিউ জিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) ও ইশ সোধি (১৬২ উইকেট)।















মন্তব্য করুন: