ইতালিকে বিদায় করে সুপার এইটে ইংল্যান্ড

১৬ ফেব্রুয়ারি ২০২৬

ইতালিকে বিদায় করে সুপার এইটে ইংল্যান্ড

বড় লক্ষ্য দিয়ে সহজ জয়ের পথেই ছিল ইংল্যান্ড। কিন্তু গ্র্যান্ট স্টুয়ার্টের তাণ্ডবে অভাবনীয় কিছু করে দেখানোর সম্ভাবনা জাগিয়েছিল ইতালি। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। ২৪ রানের জয়ে ‘সি গ্রুপের শেষ দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে হ্যারি ব্রুকের দল।

সোমবার কলকাতায় ৭ উইকেটে ২০২ রান তোলে ইংল্যান্ড। জবাবে শেষ বলে ইতালি অলআউট হয় ১৭৮ রানে।

টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে দ্রুততম ফিফটি হাঁকিয়ে উইল জ্যাকস অপরাজিত থাকেন ২২ বলে ৫৩ রানে করে। এরপর ১ উইকেট নিয়ে তিনি জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

এর আগে টানা তিন জয়ে ‘সি গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙে তৃতীয় ওভারের প্রথম বলে ২১ রানে, জস বাটলারের (৩) বিদায়ে। পরের ব্যাটাররা শুরু পেলেও কেউই ক্রিজে থিঁতু হতে পারেননি। ওপেনার ফিল সল্ট ২৮, জ্যাকব বেথেল ২৩, হ্যারি ব্রুক ১৪ ও টম ব্যান্টন ৩০ রান করে সাজঘরে ফেরেন।

১৩তম ওভারে ১০৫ রানে ৫ উইকেট হারানো ইংল্যান্ডকে দুইশর ঘরে নিতে জ্যাকসের সঙ্গে বড় অবদান রাখেন স্যাম কারেন ও জেইমি ওভারটন। ২১ বলে ফিফটি হাঁকিয়ে জ্যাকস ভেঙে দেন টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ওয়েইন মরগ্যান ও বাটলারের ২৫ বলে দ্রুততম ফিফটির রেকর্ড।

শেষ ৫ ওভারে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খাতায় যোগ হয় ৫৮ রান, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

লক্ষ্য তাড়ায় জোফরা আর্চারের আগুন ঝরানো বোলিংয়ে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইতালি। পাওয়ারপ্লেতে ওভারে ৪৭ রানে তুলতে তারা হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেটে জাস্টিন মস্কা ও বেন মেনেন্তির পাল্টা আক্রমণে দারুণ জবাব দিচ্ছিল প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি।

কিন্তু ২৫ বলে ৬ ছক্কা ও ৪ চারে ৬০ রান করা মেনেন্তিকে ফিরিয়ে ৪৮ বলে ৯২ রানের জুটি ভাঙেন জ্যাকস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বড় জয়ের পথে ছিল ইংল্যান্ড। তবে আদিল রশিদের করা ১৮তম ওভারে ২১ রান তুলে নাটকীয় কিছুর আভাস দেন স্টুয়ার্ট। শেষ দুই ওভারে দরকার ছিল তখন ৩০ রান। কিন্তু পরের ওভারে ২৩ বলে ৪৫ রান করা ডানহাতি এই ব্যাটারকে ফিরিয়ে সেই পথ বন্ধ করে দেন কারেন। শেষ ওভারে শেষ ২ উইকেট নিয়ে ইতালির ইনিংস গুটিয়ে দেন ওভারটন।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Add