আমিরাতকে হারিয়ে অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করল দ. আফ্রিকা
১৮ ফেব্রুয়ারি ২০২৬
ফিল্ডাররা চারটি ক্যাচ ছাড়ার পরও সংযুক্ত আরব আমিরাতকে বড় সংগ্রহ গড়তে দেয়নি দক্ষিণ আফ্রিকা। ছোট লক্ষ্য তাড়ায় আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটের সহজ জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ করেছে এইডেন মারক্রামের দল।
বুধবার দিল্লিতে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২২ রানে থামে আরব আমিরাতের ইনিংস। জবাবে ৪০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।
গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতে জিতেই সুপার এইটে পা রাখল গত আসরের রানার্সআপরা। আর আরব আমিরাত আসর শেষ করল কেবল একটি জয় নিয়ে।
৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন পেসার করবিন বোশ।
আগেই সুপার এইট নিশ্চিত করা দক্ষিণ আফ্রিকা এদিন ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কেশব মহারাজ ও মার্কো ইয়ানসেনকে বিশ্রামে রাখে। ব্যাটিংয়ে নেমে প্রথম ৪ ওভারে ৩৬ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দেয় আমিরাতের ওপেনাররা।
কিন্তু অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের (২২) বিদায়ে ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর আর দ্রুতগতিতে রান তুলতে পারেনি তারা। তিনে নামা আলিশান শারাফু ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করতে খেলেন ৩৮ বল। এই দুই ব্যাটার ছাড়া আর কেউই একশর বেশি স্ট্রাইক রেটে রান তুলতে পারেননি। তৃতীয় ওভারের পর ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে তিনটি ক্যাচ ছাড়েন ফিল্ডাররা।
লক্ষ্য তাড়ায় প্রোটিয়াদের উড়ন্ত সূচনা এনে দিয়ে অধিনায়ক মারক্রাম ফেরেন ১১ বলে ২৮ রান করে। ১৬ বলে ১৪ রান করে সাজঘরের পথ দেখেন কুইন্টন ডি কক। এরপর রায়ান রিকেলটনের ১৬ বলে ৩০ ও ডেওয়াল্ড ব্রেভিসের ২৫ বলে ৩৬ রানের ওপর ভর করে ১৪তম ওভারে লক্ষ্যে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা।















মন্তব্য করুন: