বিশ্বকাপ শেষ পাথিরানার
১৮ ফেব্রুয়ারি ২০২৬
কাফ পেশিতে চোট ধরা পড়ায় টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা।
পাল্লেকেলেতে গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের চতুর্থ বল করার পর বাঁ পা চেপে ধরে মাঠে পড়ে যান পাথিরানা। পরে তাকে সহায়তা করে মাঠের বাইরে নেওয়া হয়। সেই ইনিংসে আর বোলিং করতে পারেননি তিনি। স্ক্যানে দেখা গেছে, চোট সারতে কয়েক সপ্তাহ লাগতে পারে।
শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক বিক্রম রাঠোর জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচের আগের দিন বুধবার পাথিরানার চোটের গুরুতর অবস্থার কথা নিশ্চিত করেন।
“আমার মনে হয় তাকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে। তার ছিটকে পড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার বদলি নিয়ে এখনো আলোচনা চলছে।”
পাথিরানা শ্রীলঙ্কার সেরা ডেথ ওভারের বোলারদের একজন এবং দলের দ্রুততম পেসার। তবে তার বদলি হিসেবে কয়েকজন বিকল্প রয়েছে। বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা সম্প্রতি দীর্ঘদিনের চোট কাটিয়ে ফিরেছেন, যদিও টি-টুয়েন্টিতে তার রেকর্ড খুব উজ্জ্বল নয়। এছাড়া বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো ও পেসার নুয়ান তুশারাকেও বিবেচনা করা হচ্ছে। ব্যাটিং ও স্পিন বিকল্প নিয়েও আলোচনা চলছে।
টি–টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শ্রীলঙ্কা পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে, কলম্বোর আর প্রেমাদাসায় নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং পাল্লেকেলেতেই আরেকটি অনির্ধারিত প্রতিপক্ষের বিপক্ষে খেলবে।















মন্তব্য করুন: