আফগানিস্তানের দায়িত্ব শেষে ইংল্যান্ডের কোচ হওয়াতে নজর ট্রটের

২০ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানের দায়িত্ব শেষে ইংল্যান্ডের কোচ হওয়াতে নজর ট্রটের

টি-টুয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে জয় দিয়ে আফগানিস্তানের হেড কোচের অধ্যায়ের ইতি টেনেছেন জনাথন ট্রট। গ্রুপপর্ব থেকে আফগানিস্তানের বিদায় আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় এটিই ছিল তার শেষ ম্যাচ। ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না জানালেও সাবেক এই ব্যাটার জানিয়েছেন, সুযোগ পেলে নিজের দেশ ইংল্যান্ডের কোচ হতে চান তিনি।

বৃহস্পতিবার চেন্নাইয়ে ‘ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কানাডাকে ৮২ রানে হারিয়ে এবারের বিশ্বকাপ শেষ করে আফগানিস্তান। গ্রুপপর্বে দুই ম্যাচ জিতলেও সুপার এইটে উঠতে ব্যর্থ হয় গত আসরের সেমি-ফাইনালে খেলা দলটি।

বিশ্বকাপ শুরুর আগেই ট্রট জানিয়েছিলেন, এই টুর্নামেন্ট দিয়ে আফগানিস্তানের কোচের দায়িত্ব ছাড়বেন তিনি। ম্যাচ শেষে ৪৪ বছর বয়সী এই কোচ বলেন, “ভবিষ্যৎ নিয়ে আমি এখনও কিছু জানি না। আপাতত কয়েকটা দিন বিশ্রাম নেব এবং দেখব পরিস্থিতি কোন দিকে যায়।

২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তানের হেড কোচের দায়িত্ব পাওয়া ট্রটের অধীনে নিজেদের ক্রিকেট ইতিহাসের সোনালী সময় পার করেছে আফগানিস্তান। গত টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল ছাড়াও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের শেষ চারের খুব কাছে গিয়েছিল তারা। এছাড়া প্রথমবারের মতো ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়ে হারিয়েছিল ইংল্যান্ডকে।

আফগানিস্তানের সাথে ট্রটের প্রাথমিক চুক্তি ছিল ১৮ মাসের, যা পরবর্তীতে ২০২৪ এবং ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়।

ইংল্যান্ডের হয়ে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১২৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ট্রট। ২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জয়সহ টানা তিনটি অ্যাশেজ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।

নিজের হৃদয়ের কাছের দলটিকে কোচিং করানোর ইচ্ছা পোষণ করে ইংল্যান্ডের হয়ে সাড়ে ৬ হাজারের বেশি রান করা এই ব্যাটার বলেন, “আমি যেভাবে ক্রিকেট খেলেছি তা নিয়ে গর্বিত এবং ইংল্যান্ড দলের ভালো পারফরম্যান্স দেখা সবসময়ই আমার ভালো লাগে। আশা করি কোনো একদিন নিজের প্রিয় দলটিকে কোচিং করানোর সুযোগ পাব। আমি জানি অনেকেই এই পদের জন্য আগ্রহী হবেন। তবে আপাতত আমি আমার কোচিং ক্যারিয়ার উপভোগ করতে চাই।

মন্তব্য করুন: