রেকর্ড গড়া জয়ে ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া
২০ ফেব্রুয়ারি ২০২৬
আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় কোনো চাপ ছাড়াই ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। নিয়মরক্ষার শেষ ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করেছে মিচেল মার্শের দল। টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম শতরান তাড়ার রেকর্ড গড়ে ৯ উইকেটের জয়ে আসর শেষ করেছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
শুক্রবার পাল্লেকেলেতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের দেওয়া ১০৫ রানের লক্ষ্য ৯ ওভার ৪ বলে তাড়া করে অজিরা।
টি-টুয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এদিন যৌথভাবে দ্রুততম ১০০ বা তার বেশি রান তাড়ার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। গত আসরে যুক্তরাষ্ট্রের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ৯ ওভার ৪ বলে তাড়া করেছিল ইংল্যান্ড।
২১ রানে ৪ উইকেট নিয়ে ওমানের ব্যাটিং-অর্ডার গুঁড়িয়ে ম্যাচসেরা হন অ্যাডাম জ্যাম্পা।
টস হেরে ব্যাটিংয়ে নামা ওমান পাওয়ারপ্লেতে ৪৭ রান তুলতে হারায় ৩ উইকেট। এরপর জ্যাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে ধসে পড়ে তাদের ব্যাটিং-অর্ডার। ১৮ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৬ ওভার ২ বলে তারা অলআউট হয় ১০৪ রানে।
লক্ষ্য তাড়ায় মার্শ ও ট্র্যাভিস হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেটেই জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। তবে নবম ওভারের প্রথম বলে হেডের (৩২) বিদায়ে ভাঙে ৯৩ রানের জুটি। এরপর জশ ইংলিসকে (১২*) নিয়ে বাকি কাজ সারেন মার্শ। অজি অধিনায়ক অপরাজিত থাকেন ৩৩ বলে ৬৪ রানে।
জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে পরপর দুই ম্যাচ হেরে আসর থেকে বিদায় নিশ্চিত হওয়া অস্ট্রেলিয়া টুর্নামেন্ট শেষ করল দুই জয়ে। ‘বি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার তৃতীয় স্থানে।















মন্তব্য করুন: