সাকিবকে ছাড়িয়ে জ্যাম্পা

২১ ফেব্রুয়ারি ২০২৬

সাকিবকে ছাড়িয়ে জ্যাম্পা

ওমানের বিপক্ষে টি-টুয়েন্টিবিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করে সাকিব আল হাসানকে পেছনে ফেলে টুর্নামেন্টে সর্বোচ্চ ৪ উইকেট নেওয়ার রেকর্ড একার করে নিয়েছেন অ্যাডাম জ্যাম্পা। অন্যদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় বাংলাদেশের সেরা অলরাউন্ডারের সঙ্গে ব্যবধান কমিয়েছেন অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনার।

শুক্রবার পাল্লেকেতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ওমানের দেওয়া ১০৫ রানের লক্ষ্য ৯ ওভার ৪ বলে ৯ উইকেট হাতে রেখে তাড়া করে অস্ট্রেলিয়া।

৩.২ ওভারে ২১ রানে ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখে ম্যাচসেরা হন জ্যাম্পা। এরই সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপে চতুর্থবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

এতদিন এই টুর্নামেন্টে সর্বোচ্চ তিনবার চার বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় সাকিব, পাকিস্তানের সাঈদ আজমল, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ও আফগানিস্তানের রশিদ খানের পাশে ছিলেন জ্যাম্পা।

টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আগে থেকেই শীর্ষে আছেন সাকিব। ৪৩ ম‍্যাচে ২০ দশমিক ১২ গড়ে ৫০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট।

এই তালিকায় ৪৩ উইকেট নেওয়া রশিদকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন জ্যাম্পা। ২৫ ম‍্যাচে ১৩ দশমিক ৮৪ গড়ে তার উইকেট ৪৪টি। সেরা বোলিং ফিগার ১৯ রানে ৫ উইকেট।

জ্যাম্পা ও রশিদের দল এবারের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় সাকিবের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার শীর্ষে থাকাটা আরও দীর্ঘায়িত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সুপার এইটে খেলছে এমন ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারের দিক দিয়ে সাকিবের পরে আছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই পেসারের উইকেট ৩৯টি।

মন্তব্য করুন: