নিউ জিল্যান্ড সফরের দ. আফ্রিকার টি-টুয়েন্টি দলে ৫ নতুন মুখ

২১ ফেব্রুয়ারি ২০২৬

নিউ জিল্যান্ড সফরের দ. আফ্রিকার টি-টুয়েন্টি দলে ৫ নতুন মুখ

আগামী মাসে নিউ জিল্যান্ডের মাটিতে হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে নেওয়া হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটারকে। চলমান বিশ্বকাপ দলের মাত্র ৩ জন ক্রিকেটারকে আছেন এই দলে।

শুক্রবার পাঁচ ম্যাচের সিরিজের জন্য কেশব মহরাজকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

এই দলে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন ব্যাটার কনর এস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারমান, অলরাউন্ডার ইথান বোশ এবং তরুণ পেসার এনকোবানি মোকোয়েনা।

ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের অধিকাংশ সদস্যকে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। মহারাজ ছাড়া ঘোষিত দলে বিশ্বকাপে থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন কেবল স্পিনার জর্জ লিন্ডে ও অলরাউন্ডার জেসন স্মিথ।

দলে ফিরেছেন পেসার জেরাল্ড কুটসিয়া ও ওটনিল বার্টম্যান এবং চোটের কারণে শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া ব্যাটার টনি ডি জর্জি।

এই দলে রয়েছে বেশ কিছু পারিবারিক সংযোগও। জর্ডানের সঙ্গে দলে আছেন তার বড় ভাই রুবিন হারমান, যিনি ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের ক্রিকেট খেলেছেন। অন্যদিকে ইথান বোশ হলেন করবিন বোশের ছোট ভাই, যিনি বর্তমানে প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপে দারুণ পারফর্ম করছেন।

দল ঘোষণা প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড জানান, বিশ্বকাপের পরপরই এই সিরিজটি শুরু হওয়ায় মূল দলের অধিকাংশ সদস্যদের বিশ্রামের জন্য তরুণদের সুযোগ দেওয়া হয়েছে, যেন তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সামর্থ প্রমাণে সুযোগ পায়।

আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ এই পাঁচ ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজ শেষ হওয়ার পরদিন শুরু হবে এবারের আইপিএল।

নিউ জিল্যান্ড সিরিজে দক্ষিণ আফ্রিকার টি-টুয়েন্টি দল:

কেশব মহারাজ (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, ইথান বোশ, জেরাল্ড কুটসিয়া, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হার্মান, রুবিন হার্মান, জর্জ লিন্ডে, নোবানি মোকোয়েনা, আন্দিলে সিমেলানে, লুথো সিপামলা, প্রেনেলান সুব্রায়েন, জেসন স্মিথ।

মন্তব্য করুন: