দ্য হান্ড্রেডের নিলাম মুস্তাফিজ-রিশাদসহ ২৩ বাংলাদেশি

২১ ফেব্রুয়ারি ২০২৬

দ্য হান্ড্রেডের নিলাম মুস্তাফিজ-রিশাদসহ ২৩ বাংলাদেশি

ইংল্যান্ডের একশ বলের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনসহ বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার।

নিলামে সর্বোচ্চ ১ লাখ পাউন্ডের ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। অন্যদিকে সম্প্রতি বিগ ব্যাশ লিগে আলো ছড়ানো রিশাদ আছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

এছাড়া বাকি ২৩ জনের জায়গা হয়েছে ৩১ হাজার পাউন্ড ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

এই তালিকায় আছেন এখনও জাতীয় অভিষেক না হওয়া পেসার রিপন মণ্ডল। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমান ও নাঈম শেখ আছেন এই ক্যাটাগরিতে।

নিলামে জায়গা পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন – টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শেখ মাহেদি হাসান, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, ও সৌম্য সরকার।

হান্ড্রেডের এবারের নিলামে ১৮টি দেশ থেকে প্রায় ১ হাজার খেলোয়াড় নিবন্ধন করেছেন। এখান থেকে প্রায় ২০০ ক্রিকেটারের জায়গা হবে চূড়ান্ত নিলামে। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনে হবে এই নিলাম।

২০২১ সালে শুরু হওয়া ইংল্যান্ডের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের কেউই খেলার সুযোগ পাননি।

আগামী ২১ জুলাই মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট।

মন্তব্য করুন: