এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশ

২২ ফেব্রুয়ারি ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতের কাছে উড়ে গেল বাংলাদেশ

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারত ‘এ দলের কাছে ৪৬ রানে হেরে গেছে বাংলাদেশ ‘এ দল।

থাইল্যান্ডের ব্যাংককে টি-টুয়েন্টির এই টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা লড়াইয়ে রোববার ভারতের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল আগে ৮৮ রানে গুটিয়ে যায় ফাহিমা খাতুনের দল।

টস জিতে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরুতে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশের স্পিনাররা। ৮.১ ওভারে ৪৪ রানে ৪ উইকেট তুলে নেয় ফাতেমা-ফাহিমারা। কিন্তু পঞ্চম উইকেটে অধিনায়ক রাধা যাদব ও তেজাল হাসাবনিসের ৬৭ রানের জুটিতে লড়াই করার মতো সংগ্রহের ভিত পায় ভারত।

শেষ পর্যন্ত হাসাবনিসের ৩৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে ৭ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় তারা। লেগ স্পিনে ২৫ রানে ৪ উইকেট নেন ফাহিমা।

লক্ষ্য তাড়ায় ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক ফাহিমার ব্যাটে কিছুটা আশা টিকে ছিল দলের। দলীয় ৭৩ রানে ১৪ রান করা ডানহাতি এই ব্যাটারের বিদায়ে আর বেশি দূর যেতে পারেনি তারা। ১৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে দল অলআউট হয় ১৯.১ ওভারে।

মন্তব্য করুন: