অক্ষরকে না নিয়ে সুন্দরকে খেলানোর ব্যাখ্যা দিলেন ভারতের কোচ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
দক্ষিণ আফ্রিকার কাছে ভারত বিধ্বস্ত হওয়ার পর থেকে আলোচনায় আছেন অক্ষর প্যাটেল। সুপার এইটের লড়াইয়ে দলের সহ-অধিনায়ক ও বাঁহাতি এই অলরাউন্ডারকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো নিয়ে হচ্ছে সমালোচনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে।
রোববার আহমেদাবাদে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারায় সেমি-ফাইনালের ওঠার পথ বেশ কঠিন হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের। এই হারে টুর্নামেন্টে টানা ১২ ম্যাচের জয়রথ থেমেছে তাদের।
মাঠের লড়াইয়ে এদিন গত বিশ্বকাপের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি সূর্যকুমার যাদবের দল।
টসের সময় অক্ষরকে একাদশে না রাখার পেছনে ভারত অধিনায়ক জানান, এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত। অন্যদিকে ঘরের ছেলেকে একাদশে না দেখে কিছুটা হতাশ হন স্টেডিয়ামে উপস্থিত ৯১ হাজার দর্শক।
নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে অক্ষরকে বিশ্রাম দিয়ে সুন্দরকে খেলিয়েছিল ভারত। প্রোটিয়াদের বিপক্ষে সহ-অধিনায়ক অক্ষরের ফেরার প্রবল সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা আর হয়নি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অক্ষরকে একাদশে না রাখার একের পর এক প্রশ্ন ছুটে যায় টেন ডেসকাটের দিকে। সেখানে সেই কৌশলগত সিদ্ধান্তের ব্যাখ্যা দেন এই সহকারী কোচ।
“আমাদের বিশ্লেষণে মনে হয়েছে, আমাদের সবচেয়ে বড় হুমকি হতে পারে কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন ও ডেভিড মিলার। দুজনের মধ্যে (অক্ষর ও ওয়াশিংটন) কেবল একজনকেই দলে নেওয়া যেত এবং আমরা বেছে নিয়েছিল এমন একজনকে, যে পাওয়া প্লেতে বোলিং করতে পারে। অক্ষরও পাওয়ারপ্লেতে বোলিং করতে পারে মাঝেমধ্যে। তবে আমাদের মনে হয়েছে, ওয়াশিংটন সেখানে আমাদের জন্য বেশি কার্যকর হতে পারে।”
“আজকের এই পরিকল্পনার একটি গুরুত্ব অংশ ছিল, টি-টুয়েন্টি ক্রিকেটে ওয়াশিংটন পাওয়ারপ্লেতে কতটা ভালো বল করেছে। আমাদের ভাবনা ছিল তিন মূল বোলারের সঙ্গে ওয়াশিংটনকে রাখা। অন্য দুজন মিলে পঞ্চম বোলারের কাজ করবে। পাওয়ারপ্লে জেতাটা খুব জরুরি ছিল। আমাদের পরিকল্পনা ছিল, শুরুর দিকে দুটি ওভার করবে ওয়াশিংটন।”
তবে পাওয়ারপ্লেতে কাজে লাগানোর জন্য সুন্দরকে দলে নেওয়া হলেও তার অফ স্পিন কাজে লাগানো হয়নি। দুই পেসার যশপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিং মিলে ৫ ওভারে টপ অর্ডারের তিন ব্যাটারকে তুলে নেন। অপর ওভারটি করেন আরেক স্পিনার বরুণ চক্রবর্তী।
গত কয়েক বছরে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অক্ষর। গত বিশ্বকাপের শিরোপা জয়েও তার ছিল উল্লেখযোগ্য ভূমিকা। তবে টেন ডেসকাটে আবার জানান, অক্ষরের সামর্থ্য নিয়ে তাদের প্রশ্ন নেই। তারা কেবল কৌশলগত সিদ্ধান্তই নিয়েছেন।
“অক্ষরকে এখানে খাটো করা হয়নি অবশ্যই। দলের জন্য তার নেতৃত্বগুণ ও গুরুত্ব প্রশ্নাতীত। তবে এই চ্যালেঞ্জরই প্রতি সপ্তাহে মুখোমুখি হতে হয় আমাদের, ১৫ জন থেকে ১১ জনকে বেছে নেওয়া।… আজকে যেহেতু আমরা ভেবেছি ওদের বাঁহাতি ব্যাটারদের থেকেই বেশি হুমকি আসবে এবং বাড়তি একজন ব্যাটারও চেয়েছি, সরাসরি তাই ওয়াশিংটন ও অক্ষরের মধ্য থেকে একজনকে বেছে নিতে হতো এবং আমরা ওয়াশিংটনকে বেছে নিয়েছি।”
সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত।















মন্তব্য করুন: