পাকিস্তান না উঠলে আর প্রতিপক্ষ ভারত না হলে কলোম্বোতে সেমি খেলবে শ্রীলঙ্কা
২৪ ফেব্রুয়ারি ২০২৬
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেট ভক্তদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে আইসিসি। টুর্নামেন্টের সহ-আয়োজক দেশটি সেমি-ফাইনালে উঠতে পারলে সেই ম্যাচটি কলম্বোয় দেখার সুযোগ পেতে পারেন সমর্থকরা। তবে বিষয়টি নির্ভর করবে শেষ চারে কারা উঠছে তার ওপর।
পাকিস্তান যদি সেমি-ফাইনালে উঠতে ব্যর্থ হয় এবং শ্রীলঙ্কা যদি সেমি-ফাইনালের লড়াইয়ে ভারতের মুখোমুখি না হয়, তবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গত নভেম্বরে ঘোষিত প্রাথমিক সূচিতে মূলত পাকিস্তানের সেমি-ফাইনাল ও ফাইনাল ম্যাচের বিষয়গুলো প্রাধান্য পেলেও শ্রীলঙ্কার ঘরের মাঠে খেলার বিষয়টি তখন অস্পষ্ট ছিল। সেখানে বলা হয়েছিল, পাকিস্তান সেমি-ফাইনাল ও ফাইনালে উঠতে পারলে তাদের ম্যাচগুলো কলম্বোয় অনুষ্ঠিত হবে। অন্যদিকে দ্বিতীয় সেমি-ফাইনালটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, সুপার এইটের লাইনআপ চূড়ান্ত হওয়ার পর আইসিসির একটি চিঠিতে নতুন সূচির তথ্য দেওয়া হয়েছে।
এই সূচি অনুযায়ী, প্রথম সেমি ফাইনাল হবে ৪ মার্চ কলম্বো অথবা কলকাতায়, আর দ্বিতীয় সেমি-ফাইনাল হবে ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
পাকিস্তান সেমি-ফাইনালে উঠলে তারা কলম্বোতে খেলবে প্রতিপক্ষ যেই হোক না কেন। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সেমি-ফাইনালে উঠলেও তাদের খেলতে হবে মুম্বাইয়ে।
অন্যদিকে প্রতিপক্ষ পাকিস্তান না হলে ভারত মুম্বাইয়ে দ্বিতীয় সেমি-ফাইনাল খেলবে। প্রতিপক্ষ পাকিস্তান হলে কলম্বোতে প্রথম সেমি-ফাইনালে খেলতে হবে তাদের। এক্ষেত্রেও শ্রীলঙ্কা সেমি-ফাইনালে উঠলেও তাদের খেলতে হবে মুম্বাইয়ে।
কিন্তু পাকিস্তান বাদ পড়লে এবং প্রতিপক্ষ ভারত না হলে সুপার এইট পার হতে পারলে প্রথম সেমি-ফাইনালে কলম্বোতে খেলবে লঙ্কানরা।
ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার কোনো দলই সেমি-ফাইনালে উঠতে না পারলে প্রথম সেমি-ফাইনাল কলকাতায় এবং দ্বিতীয়টি মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে। তখন কলকাতায় মুখোমুখি হবে এক নম্বর গ্রুপের শীর্ষ দল ও দুই নম্বর গ্রুপের রানার্স-আপ দল। আর মুম্বাইয়ে খেলবে দুই নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন ও এক নম্বর গ্রুপের রানার্স-আপ দল।
শ্রীলঙ্কা ও পাকিস্তান উভয়ই সুপার এইটের দুই নম্বর গ্রুপে থাকায় শেষ চারে তাদের একে অপরের মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই।















মন্তব্য করুন: