টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া-ভারত

২৪ ফেব্রুয়ারি ২০২৬

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া-ভারত

২০২৬ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

মঙ্গলবার মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে আইসিসি। আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে এবারের আসর।

এক নম্বর গ্রুপে নেদারল্যান্ডস, ভারত ও রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সবশেষ দুই আসরের রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানকে।

এই দলগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ছাড়া প্রতিটি দলের বিপক্ষেই টি-টুয়েন্টিতে অন্তত দুটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ।

দুই নম্বর গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড, প্রথম আসরের শিরোপাজয়ী ইংল্যান্ড, ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

চলতি মাসের শুরুতে নেপালে শেষ হওয়া বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এখান থেকে আরও জায়গা করে নেয় আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

আগামী ১৪ জুন এজবাস্টনে নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ডাচদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাইপর্বে দলটিকে ৭ উইকেট হারিয়েছিল জ্যোতি-শারমিনরা। ফলে এই ম্যাচে নিশ্চিত ফেবারিট হয়েই মাঠে নামবে তারা।

পরের ম্যাচে ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। হ্যাম্পশায়ারে পাকিস্তানের বিপক্ষে তারা মাঠে নামবে ২০ জুন।

২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে জ্যোতির দলের প্রতিপক্ষ ভারত। ২৮ জুন গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ক্রিকেট তীর্থস্থান লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সেমি-ফাইনালে।

১২ জুন স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। লর্ডসে শিরোপা লড়াই অনুষ্ঠিত হবে ৫ জুলাই।

এই নিয়ে টানা সপ্তম টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। ২০১৪ সালে প্রথমবার স্বাগতিক হিসেবে বিশ্ব মঞ্চে খেলেছিল তারা। বাকি আসরগুলোয় খেলতে হয়েছে বাছাইপর্ব পেরিয়ে। তবে মূল আসরে কখনোই গ্রুপপর্ব পার করতে পারেনি তারা।

মন্তব্য করুন: