ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

২৪ ফেব্রুয়ারি ২০২৬

ব্রুকের সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

সাহিবজাদা ফারহানের ফিফটিতে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল পাকিস্তান। লক্ষ্য তাড়ায় শাহিন শাহ আফ্রিদির আগুন ঝরানো বোলিংয়ে শুরুতেই দিশেহারা হয়ে পড়েছিল ইংল্যান্ড। তবে অধিনায়ক হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ২ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে তারা।

মঙ্গলবার পাল্লেকেলেতে সুপার এইটে দুই নম্বর গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৪ রান তোলে পাকিস্তান। জবাবে শেষদিকের নাটকীয়তার পর ৫ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ইংলিশরা।

টি-টুয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিতে ৫১ বলে ১০ চার ও ৪ চারে ১০০ রান করেন ব্রুক। ম্যাচসেরার পুরস্কারও জেতেন ইংল্যান্ড অধিনায়ক।

দুই নম্বর গ্রুপে দুই ম্যাচের দুটিতেই জিতে শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট এখন ৪। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে আছে পাকিস্তান।

ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সাইম আইয়ুবকে (৭) ফিরিয়ে ১৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন জোফরা আর্চার। পরের ওভারে সাজঘরের পথ দেখেন অধিনায়ক সালমান আলী আগাও (৫)। তৃতীয় উইকেট জুটিতে ফারহান ও বাবর আজম শুরুর ধাক্কা সামাল দিলেও রানের গতি ছিল কম।

২৪ বলে ২৫ রান করা বাবরকে বোল্ড করে ৪৬ রানের এই জুটি ভাঙেন জেইমি ওভারটন। এরপর ফখর জামানকে নিয়ে ইনিংস সর্বোচ্চ ৪৯ রানের জুটি গড়েন ফারহান। আসরের তৃতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ৬৩ রান করা এই ওপেনারের বিদায়ে ভাঙে এই জুটি। পরের ওভারে সাজঘরের পথ দেখেন ফখরও (২৫)। শেষ দিকে শাদাব খানের ১১ বলে ২৩ রানের সুবাদে লড়াই করার মতো সংগ্রহ পায় পাকিস্তান।

বাঁহাতি স্পিনে তিন উইকেট নেন লিয়াম ডওসন। দুটি করে শিকার ধরেন আর্চার ও ওভারটন।

লক্ষ্য তাড়ায় শাহিনের পেস তোপে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে ইংল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণে দলের বিপর্যয় সামাল দেন তিন নম্বরে নামা ব্রুক। পঞ্চম উইকেটে স্যাম কারেনের (১৬) সঙ্গে ৪৫ এবং ষষ্ঠ উইকেটে উইল জ্যাকসের সঙ্গে ৫২ রানের জুটিতে দলের জয়ের ভিত গড়ে দেন তিনি।

৫০ বলে সেঞ্চুরি হাঁকানোর পরের বলেই শাহিনের বলে বোল্ড হন ব্রুক। সে সময় দলের দরকার ছিল ১৮ বলে ১০ রান, হাতে ছিল ৪ উইকেট। তবে ১৯তম ওভারে জ্যাকস (২৮) ও ওভারটনের (০) সাজঘরে ফিরলে নাটকীয় কিছুর সম্ভাবনা জেগেছিল। কিন্তু শেষ ওভারের প্রথম বলে চার মেরে ইংলিশদের জেতান আর্চার।

একাদশে ফিরে ৩০ রানে ৪ উইকেট নেন শাহিন। দুটি করে শিকার ধরেন মোহাম্মদ নাওয়াজ ও উসমান তারিক।

মন্তব্য করুন: