আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে রাজা
২৫ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের সাইম আইয়ুবকে সরিয়ে আবারও টি-টুয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন সিকান্দার রাজা। সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে সিংহাসন পুনরুদ্ধার করেছেন জিম্বাবুয়ের অধিনায়ক।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদের তালিকা প্রকাশ করে আইসিসি। সেখানে ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টুয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে উঠেছেন রাজা। এক ধাপ নেমে ২৮১ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে আছেন সাইম।
গত কয়েক মাস ধরে এই ফরম্যাটে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে লড়াই চলছে রাজা ও সাইমের। পাকিস্তানের এই অলরাউন্ডারকে সরিয়ে গত নভেম্বরে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠেছিলেন রাজা। এরপর বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের এই অলরাউন্ডারকে সরিয়ে আবার শীর্ষে ফেরেন সাইম।
পরে টুর্নামেন্ট শুরু হতেই সাইমকে পেছনে ফেলে চূড়ায় ফেরেন রাজা। পরে আবার সাইমের কাছেই হারান শীর্ষস্থান। এবার আরেকবার সাইমকে সরিয়ে এক নম্বরে উঠলেন তিনি।
গ্রুপপর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পথে ৪৫ রান করেন রাজা। এরপর সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ২৭ রান। দুই ম্যাচেই কোনো উইকেট পাননি তিনি।
এখন পর্যন্ত বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হলেও আগের মতো ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষেই আছেন অভিষেক শর্মা। তার রেটিং পয়েন্ট ৮৭৭। ভারতের এই ওপেনার এখন পর্যন্ত টুর্নামেন্টে ৪ ইনিংসে করেছেন মাত্র ১৫ রান, যার মধ্যে প্রথম তিনটিতেই ফিরেছেন শূন্য রানে। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট।
দুর্দান্ত ছন্দে থাকা পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠে এসেছেন। তিন ধাপ এগিয়ে এখন পাঁচ নম্বরে ভারতের ঈশান কিশান। ১০ ধাপ উন্নতি করে নবম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস।
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ এগিয়ে আছেন ১৮ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষ দুটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে আছেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। দুইয়ে আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ২১ ধাপ এগিয়ে তিন নম্বরে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বোশ।
দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। ২৩ ধাপ উন্নতি করে তার পরের স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথিউ ফোর্ড। ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহ সাত ধাপ এগিয়ে আছেন অষ্টম স্থানে।















মন্তব্য করুন: