নেতিবাচক সমালোচনার ‘প্রভাব’ শ্রীলঙ্কা দলে

২৬ ফেব্রুয়ারি ২০২৬

নেতিবাচক সমালোচনার ‘প্রভাব’ শ্রীলঙ্কা দলে

সুপার এইটে টানা দুই ম্যাচ হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, বাইরের নেতিবাচক সমালোচনার প্রভাব দলের পারফরম্যান্সে পড়ছে।

বুধবার কলম্বোয় সুপার এইটের দুই নম্বর গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে এক ম্যাচ হাতে থাকতেই টুর্নামেন্ট বিদায় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের কাছে সীমিত ওভারের সিরিজের ছয় ম্যাচের পাঁচটিতে পরাজয় এবং বিশ্বকাপের গ্রুপপর্বে নড়বড়ে পারফরম্যান্সের কারণে আগে থেকেই ভক্ত ও বিশ্লেষকদের কড়া সমালোচনার মুখে ছিল লঙ্কানরা।

কিউইদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে শানাকা বলেন, “অনেক সময় আমরা যা দেখি ও শুনি তার সবকিছুই নেতিবাচক। আমরা ক্রিকেটার হিসেবে যতটাই ইতিবাচক থাকার চেষ্টা করি না কেন, বাইরে প্রচুর নেতিবাচকতা ছড়িয়ে আছে। এটা শ্রীলঙ্কার ক্রিকেটের জন্য বড় ক্ষতি।

সমালোচনার ধরন নিয়ে প্রশ্ন তুলে শানাকা বলেন, “কেন এই নেতিবাচকতা ছড়ানো হচ্ছে? হ্যাঁ, আমরা একটি বিশ্বকাপ হেরেছি এবং আমরা এর কারণগুলো জানি। সবারই উদ্বেগ রয়েছে। সেগুলো নিয়ে (হারের কারণ) আলোচনা করা এবং সেগুলো সংশোধনের চেয়েও নেতিবাচকতা এখন বেশি সামনে চলে এসেছে।

আমরা খেলব এবং চলে যাব, কিন্তু ভবিষ্যতে যে খেলোয়াড়রা আসবে তাদের জন্য সরকার যদি এটি (নেতিবাচকতা) এমনকি বন্ধ করতেও পারে, তবে সেটি তাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে।

১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় স্বাগতিকরা। দলের এমন ‘লজ্জাজনক পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ক্ষমাও চান লঙ্কান অধিনায়ক।

সত্যি বলতে, যা ঘটেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। কেউ মাঠে ব্যর্থ হতে যায় না। সবাই জয়ের এবং দলের হয়ে ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামে।

দলের এমন বিপর্যয়ের পেছনে ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা এবং ইশান মালিঙ্গার মতো প্রধান বোলারদের চোটকে বড় কারণ হিসেবে দেখছেন শানাকা। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কঠোর হওয়ার বার্তা দেন তিনি।

আপনাকে ফিটনেসকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে কোনো আপস চলবে না। আমরা যে পরিমাণ ইনজুরির কবলে পড়েছি, তাতে ভালো ফল পাওয়া কঠিন। আপনার ফিটনেস লেভেলই নির্ধারণ করে দেয় আপনি কতটা ইনজুরিপ্রবণ হবেন। এমন কিছু খেলোয়াড় আছে যারা ফিটনেস সমস্যার কারণে দলেই জায়গা করে নিতে পারছে না। গত কয়েকটি বিশ্বকাপ ধরেই আমরা এই বিষয়টি নিয়ে অনেক কথা বলেছি।

লঙ্কান ক্রিকেটের এমন করুণ দশা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে উদ্বেগ প্রকাশ করেন দেশটির কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। দলকে সতর্ক করে ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার লেখেন, “নিজেদের কক্ষপথে ফেরাতে সব স্তরে প্রচুর কাজ করার বাকি আছে। বিশ্ব ক্রিকেট যখন আমাদের চারপাশে এত দ্রুত বিবর্তিত হচ্ছে, তখন আমরা বারবার একই কাজ করে ভিন্ন ফলাফল আশা করতে পারি না।

মন্তব্য করুন: