উইন্ডিজকে গুঁড়িয়ে সেমির দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা
২৬ ফেব্রুয়ারি ২০২৬
এখন পর্যন্ত টুর্নামেন্টে দুই অপরাজিত দলের লড়াইটা ছিল সেমি-ফাইনালের পথে এগিয়ে যাওয়ার। ব্যাটিং বিপর্যয়ের পর সে লক্ষ্যে জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের নৈপুণ্যে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডবে সেটিই হয়ে গেল মামুলি। ৯ উইকেটের বড় জয়ে শেষ চারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এইডেন মারক্রামের দল।
বৃহস্পতিবার আহমেদাবাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭৬ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে ২৩ বল আগে লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।
ওপেনিয়ে নেমে ৪৬ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮২ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মারক্রাম।
সুপার এইটের এক নম্বর গ্রুপে দুই ম্যাচের দুটিতেই জেতা দক্ষিণ আফ্রিকার নেট রানরেট ২.৮৯০। দুই ম্যাচে একটিতে জেতা ক্যারিবিয়ানদের নেট রানরেট ১.৭৯৭।
কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির পেস তোপে প্রথম ৪ ওভারের ভেতর ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একাদশ ওভারে তাদের যখন সপ্তম উইকেটের পতন হয়, তখন সংগ্রহ ছিল ৮৩ রান। সেখান থেকে দলকে টেনে তোলেন হোল্ডার-শেফার্ড জুটি। ইনিংসের শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করা এই জুটি দলের খাতায় যোগ করেন ৯১ রান। ওভারের পঞ্চম বলে ৩১ বলে ৪৯ রান করা হোল্ডার রানআউট হলে এই জুটি ভাঙে। শেষ বলে চার মেরে ফিফটি পূর্ণ করে ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন শেফার্ড।
এনগিডি নেন ৩ উইকেট, দুটি করে শিকার রাবাদা ও কর্বিন বোশের।
লক্ষ্য তাড়ায় মারক্রাম ও কুইন্টন ডি ককের ৪৮ বলের বিধ্বংসী উদ্বোধনী জুটিতে জয়ের ভিত পায় দক্ষিণ আফ্রিকা। ২৪ বলে ৪টি চার ও ছক্কায় ৪৭ রান করা ডি ককের বিদায়ে ভাঙে ৯৫ রানের এই জুটি। এরপর আগ্রাসী ব্যাটিংয়ে অধিনায়কের সঙ্গে বাকি কাজটুকু সারেন রায়ান রিকেলটন। বাঁহাতি এই ব্যাটার অপরাজিত থাকেন ২৮ বলে ৪৫ রানে।















মন্তব্য করুন: