ইংল্যান্ড ম্যাচের পর দেশে ফিরবেন হেনরি
২৭ ফেব্রুয়ারি ২০২৬
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটি পেয়েছেন নিউ জিল্যান্ডের ম্যাট হেনরি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচের পর দেশে ফিরবেন ডানহাতি এই পেসার।
দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে হেনরিকে শুভকামনা জানিয়ে এক বিবৃতিতে এই তথ্য জানান কিউই হেড কোচ রব ওয়াল্টার। নিউ জিল্যান্ড যদি সেমি-ফাইনালে উঠতে পারে, তাহলে দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে ফিরে পাবার প্রত্যাশা করছেন তিনি।
“সামনে অনেক পথ পাড়ি দেওয়া বাকি। তবে আমরা আশাবাদী যে দলের এবং ম্যাটের সব পরিস্থিতি অনুকূলে থাকবে এবং প্রতিযোগিতার শেষ পর্যায়ে আমরা তাকে আবারও লড়াইয়ে দেখতে পাব।”
শুক্রবার কলম্বোয় ইংল্যান্ডকে হারাতে পারলে সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে যাবে নিউ জিল্যান্ড। সেক্ষেত্রে ৫ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সেমি-ফাইনালে এক নম্বর গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে।
তবে মিচেল স্যান্টনারের দল ইংলিশদের কাছে হেরে গেলে তাদের তাকিয়ে থাকতে হবে শনিবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচের দিকে। সেই ম্যাচে সহ-আয়োজক শ্রীলঙ্কা জিতলে অথবা ম্যাচটি পরিত্যক্ত হলে শেষ চার নিশ্চিত হবে তাদের। তবে পাকিস্তান জিতলে তখন নিউ জিল্যান্ডের সেমি-ফাইনালে ওঠা নির্ভর করবে দুই দলের নেট রানরেটের ওপর।
চলতি বিশ্বকাপে কিউইদের হয়ে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হেনরি। ৫ ইনিংসে ৭ দশমিক ৩৮ ইকোনমি রেটে ৬টি উইকেট নিয়েছেন তিনি।
এর আগে গ্রুপপর্বের শুরুতে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন নিউ জিল্যান্ডের আরেক পেসার লকি ফার্গুসন। ডানহাতি এই ফাস্ট বোলার কানাডার বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি। পরবর্তীতে দলের সঙ্গে যোগ দিয়ে গত বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের ম্যাচে মাঠে নেমেছিলেন।















মন্তব্য করুন: