সেমিতে খেলতে পাকিস্তানের সমীকরণ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
রোমাঞ্চকর ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড। তবে শেষ চারে খেলার জন্য সালমান আলী আগার দলকে কেবল শ্রীলঙ্কাকে হারালেই চলবে না, টপকাতে হবে কিউইদের নেট রানরেটও।
শুক্রবার কলম্বোয় সুপার এইটের দুই নম্বর গ্রুপের ম্যাচে ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য দিয়ে সেমি-ফাইনাল নিশ্চিতের বেশ ভালো অবস্থানেই ছিল নিউ জিল্যান্ড। শেষ ৩ ওভারে জয়ের জন্য ইংলিশদের দরকার ছিল ৪৩ রান, হাতে ছিল ৪ উইকেট। সেখান থেকে উইল জ্যাকস ও রিহান আহমেদের ব্যাটিং নৈপুণ্যে ৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করা হ্যারি ব্রুকের দল ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।
৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে নিউ জিল্যান্ড। মিচেল স্যান্টনারের দলের নেট রানরেট ১.৩৯০। ১ পয়েন্ট নিয়ে তিনে থাকা পাকিস্তানের রান রেট -০.৪৬১।
আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে সালমান-বাবররা।
পাল্লেকেলেতে এই ম্যাচে যদি পাকিস্তান আগে ব্যাটিং করে পাকিস্তান, তাহলে রানরেটে নিউ জিল্যান্ডকে পেছনে ফেলতে তাদের জিততে হবে অন্তত ৬৪ রানে। আর যদি ২০০৯ সালের চ্যাম্পিয়নরা পরে ব্যাটিং করে, তাহলে লক্ষ্য তাড়া করতে হবে ১৩ ওভার ১ ওভারের মধ্যে।
তবে ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, তাহলে সেমি-ফাইনালে চলে যাবে নিউ জিল্যান্ড। সেক্ষেত্রে তারা খেলবে দ্বিতীয় সেমি-ফাইনালে, কলকাতায়। অন্যদিকে পাকিস্তান শেষ চারে উঠলে তাদের ম্যাচটি হবে কলম্বোয়।















মন্তব্য করুন: