ইংল্যান্ডকে জিতিয়ে ওয়াটসনের রেকর্ড স্পর্শ করলেন জ্যাকস
২৮ ফেব্রুয়ারি ২০২৬
নিউ জিল্যান্ডের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে এনে ইংল্যান্ডকে জেতাতে বড় অবদান রাখা উইল জ্যাকস, অলরাউন্ড নৈপুণ্যে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। এরই সঙ্গে বিশ্বকাপের এক আসরে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের সর্বোচ্চ ম্যাচসেরার পুরস্কার পাওয়ার রেকর্ড স্পর্শ করেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
শুক্রবার কলম্বোয় সুপার এইটে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে জয়ের ম্যাচে ৪ ওভারে ২৩ রানে ২ উইকেট নেন জ্যাকস। এরপর সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪ চার ও ১ ছক্কায় ১৮ বলে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
চলতি আসরে সাত ম্যাচে এই নিয়ে চতুর্থবার ম্যাচসেরার পুরস্কার জিতলেন জ্যাকস। অথচ এর আগে ইংল্যান্ডের হয়ে ৩১ টি-টুয়েন্টি ম্যাচে কখনও এই স্বীকৃতি পাননি তিনি।
টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে এতবার ম্যাচসেরা হওয়ার কীর্তি ছিল কেবল ওয়াটসনের, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০১২ সালের আসরে।
কিউইদের দেওয়া ১৬০ রানের লক্ষ্য তাড়ায় শেষ তিন ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৪৩ রান, হাতে ছিল ৪ উইকেট। সে সময় জ্যাকসের রান ছিল ৯ বলে ৮। গ্লেন ফিলিপসের করা ১৮তম ওভারের শেষ তিন বলে একটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। ওভারে রিহান আহমেদ একটি ছক্কা হাঁকানোয় সেই ওভার থেকে আসে ২২ রান। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ইংলিশ কাছে।
মিচেল স্যান্টনারের করা পরের ওভারে ১৬ রান নিয়ে জয় দলের নাগালের মধ্যে নিয়ে আসেন এই দুই ব্যাটার। শেষ ওভারে পাঁচ রানের প্রয়োজনে প্রথম বলে সিঙ্গেল নিয়ে ও তৃতীয় বলে চার মেরে জয় নিশ্চিত করেন জ্যাকস।
এবারের আসরে জ্যাকস প্রথমবার ম্যাচসেরা হয়েছিলেন গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে। সেদিন ১৮ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলার পর, অফ স্পিনে নেন এক উইকেট। ইতালির বিপক্ষে ২২ বলে অপরাজিত ৫৩ রানের ঝড়ো ইনিংস এবং বল হাতে এক উইকেট নিয়ে দ্বিতীয়বার ম্যাচসেরা হন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ বলে ২১ রানের ইনিংস খেলার পর, ২২ রানে ৩ উইকেট নিয়ে তৃতীয়বার ম্যাচসেরা জ্যাকস।
চলতি আসরে এখন পর্যন্ত ছয় ইনিংসে ৭ উইকেট নেওয়া এই অলরাউন্ডার সাত ইনিংসে ৬৩ দশমিক ৬৬ গড় ও ১৭৬ দশমিক ৮৫ স্টাইক রেটে ১৯১ রান করেছেন। ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি রান আছে কেবল অধিনায়ক হ্যারি ব্রুকের, ২২৮।















মন্তব্য করুন: