টিকে থাকার লড়াইয়ে বাবরকে বাদ দিল পাকিস্তান
২৮ ফেব্রুয়ারি ২০২৬
টি-টুয়েন্টি বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বাবর আজমকে বাদ দিয়েছে পাকিস্তান। অভিজ্ঞ এই ব্যাটারের বদলে একাদশে জায়গা পেয়েছেন খাজা নাফে।
শনিবার পাল্লেকেলেতে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাট করবে পাকিস্তান। সেমি-ফাইনাল নিশ্চিত করতে এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তত ৬৫ রানের ব্যবধানে জিততে হবে তাদের। তবেই ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের নেট রানরেট (১.৩৯০) টপকে শেষ চারের টিকিট পাবে ১ পয়েন্ট পাওয়া সালমান আলী আগার দল। তাদের নেট রানরেট -০.৪৬১।
বাঁচা-মরার লড়াইয়ে একাদশে তিনটি পরিবর্তন এনেছে পাকিস্তান। বাবর ছাড়াও বাদ পড়েছেন সাইম আইয়ুব ও সালমান মির্জা। নাফে ছাড়াও একাদশে জায়গা পেয়েছেন নাসিম শাহ ও আবরার আহমেদ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাবরকে বাদ দেওয়ার পেছনে যথেষ্ট কারণও আছে পাকিস্তানের। চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ তিনি। ছয় ম্যাচে চার ইনিংসে আন্তর্জাতিক টি-টুয়েন্টির সর্বোচ্চ রান-সংগ্রাহক ১১২ দশমিক ৩৪ স্ট্রাইক রেটে রান করেছেন মাত্র ৯১, সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটি খেলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপপর্বে।
বাবরের বদলে একাদশে আসা নাফে এবারের বিশ্বকাপে কেবল একটি ম্যাচ খেলেছেন। নামিবিয়ার বিপক্ষে গ্রুপপর্বের সেই ম্যাচে ৫ রান করেন।
অন্যদিকে টি-টুয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ শুরু করা সাইম ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ছয় ম্যাচে পাঁচ ইনিংসে তার রান মাত্র ৭০।















মন্তব্য করুন: