কোহলির রেকর্ড নিজের করে নিলেন ফারহান

২৮ ফেব্রুয়ারি ২০২৬

কোহলির রেকর্ড নিজের করে নিলেন ফারহান

টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে রেকর্ড গড়েছেন সাহিবজাদা ফারহান। বিরাট কোহলিকে পেছনে ফেলে টি-টুয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক এখন পাকিস্তানের এই ওপেনার। এছাড়া গড়েছেন এক আসরে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও।

শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের ম্যাচে এই কীর্তি গড়েন ফারহান। দাসুন শানাকার করা ষষ্ঠ ওভারের প্রথম বলে চার মেরে এক আসরে কোহলির সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে ছয় ইনিংসে ৩১৯ রান করেছিলেন কোহলি। ভারতের এই ব্যাটিং কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে লঙ্কানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফারহানের দরকার ছিল ৩৭ রানের।

রেকর্ড গড়ার পথে ফখর জামানের সঙ্গে ১৭৬ রানের উদ্বোধনী জুটি গড়েন ফারহান। এটি টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যেকোনো উইকেটেই সর্বোচ্চ রানের জুটি। ভাঙেন চলতি আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিউ জিল্যান্ডের টিম সাইফার্ট ও ফিন অ্যালেনের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটির রেকর্ড।

শেষ পর্যন্ত চলতি আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে ৬০ বলে ১০০ রান করে থামেন ফারহান। এরই সঙ্গে টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক আসরে দুটি শতক হাঁকানোর কীর্তি গড়েন তিনি।

চলতি আসরে ছয় ইনিংসে ৭৬ দশমিক ৬০ গড় ও ১৬০ দশমিক ২৫ স্ট্রাইক রেটে ফারহানের রান এখন ৩৮৩। হাঁকিয়েছেন দুটি ফিফটিও।  

এতদিন পাকিস্তানের হয়ে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল বাবর আজমের। ২০২১ আসরে তিনি ছয় ইনিংসে ৩০৩ রান করেছিলেন।

মন্তব্য করুন: