বিধ্বংসী সেঞ্চুরিতে বিদায়ী ওয়ানডে রাঙালেন হিলি
১ মার্চ ২০২৬
ক্যারিয়ারের শেষ ওয়ানডে খেলতে নেমে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন অ্যালিসা হিলি। শেষ ইনিংসে বিধ্বংসী শতকে অস্ট্রেলিয়ার অধিনায়ক নাম লেখিয়েছেন মেয়েদের ওয়ানডে ক্রিকেটের অনন্য একটি ক্লাবে।
রোববার হোবার্টে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১৫৮ রানের ইনিংস খেলেন হিলি। ডানহাতি এই ব্যাটার তার ৯৮ বলের ইনিংসটি সাজান ২৭ চার ও ২ ছক্কায়।
ওয়ানডে ক্যারিয়ারের শেষ ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে হিলিকে গার্ড অব অনার জানায় ভারতীয় দল।
মেয়েদের সীমিত ওভারের ক্রিকেটে অসংখ্য রেকর্ড আর অর্জনের মালিক হিলি শেষ ম্যাচেও নাম লেখান আরেকটি মাইলফলকে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ ব্যাটার হিসেবে খেলেন একাধিক দেড়শ ছোঁয়া ইনিংস। এর আগে ২০২২ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৮ বলে ১৭০ করেছিলেন তিনি।
এদিন ইনিংসের শুরুতে খুব একটা বিধ্বংসী ছিলেন না হিলি। ফিফটি স্পর্শ করেন ৪৯ বলে। এরপরই ঝড় তোলেন বোলারদের ওপর। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করেন ৭৯ বলে। সেঞ্চুরির পর স্রেফ তাণ্ডব চালান তিনি। একশ থেকে দেড়শ পর্যন্ত যেতে অজি অধিনায়ক খেলেন মাত্র ১৬ বল।
হিলির আগে ওয়ানডেতে দুইবার দেড়শ ছুঁয়েছেন তারই স্বদেশি ক্যারেন রোল্টন, নিউ জিল্যান্ডের সুজি বেটস, ইংল্যান্ডের ট্যামি বাউমন্ট, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।
দেড়শ করার পর হিলি আউট হন অদ্ভুতভাবে। স্নেহ রানার ফুল টসে লাইন মিস করে বোল্ড তিনি। তখনও ইনিংসের বাকি ছিল সাড়ে ১৩ ওভার।
হিলি ছাড়াও এদিন সেঞ্চুরির মুখ দেখেন বেথ মুনি। তিনি অপরাজিত থাকেন ৮৪ বলে ১০৬ রানে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ৪০৯ রান তোলে অস্ট্রেলিয়া, যা ওয়ানডেতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
এর আগে দুইবার তারা সর্বোচ্চ ৪১২ রান করেছিল, ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে এবং গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করা অস্ট্রেলিয়া এখন আছে ভারতকে হোয়াইটওয়াশ করার পথে।
আগামী শুক্রবার থেকে পার্থে একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৫ বছর বয়সী হিলি।















মন্তব্য করুন: